জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুর রহমানকে জুতাপেটা ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ম্যানেজিং কমিটি গঠন কেন্দ করে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষক থানায় লিখিত অভিযোগ ও সংবাদ সম্মেলন করে বিচার দাবি করেছেন। অভিযুক্ত বিএনপি নেতা হারুনুর রশিদ রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি।
এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত বিএনপি নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলটি। একই সঙ্গে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার রাতে ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাহেদ মো. শাহিদুল আকরাম সোহেল স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়। আগামী তিন দিনের মধ্যে হারুনুর রশিদকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটি আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সাহেদ শোকজ নোটিশের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার সকালে আক্কেলপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক আজাদুর রহমান অভিযোগ করেন, গত ২১ জুন হারুনুর রশিদ স্থানীয় বিএনপি নেতা শাহনেওয়াজ ও আতিয়ার রহমান এবং নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মীর আতিকুজ্জামান মুন বিদ্যালয়ে এসে নির্বাচিত অভিভাবক সদস্যদের তালিকা পরিবর্তনের জন্য চাপ দেন। এতে আপত্তি জানালে হারুনুর রশিদ অফিসকক্ষেই শিক্ষককে জুতা দিয়ে আঘাত ও লাঞ্ছিত করেন। এ ঘটনায় আহত হয়ে তিনি চিকিৎসাও নিয়েছেন। ঘটনার পরদিন তিনি আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ করেন বলেও জানান।
অভিযুক্ত বিএনপি নেতা হারুনুর রশিদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ম্যানেজিং কমিটি গঠন নিয়ে অভিভাবকদের আপত্তির বিষয়ে কথা বলতে আমরা গিয়েছিলাম, মারধরের কোনো ঘটনা ঘটেনি। অন্য দুই নেতা শাহনেওয়াজ ও আতিয়ার রহমানের দাবি, প্রধান শিক্ষক স্থানীয় এক যুবলীগ নেতাকে কমিটির সভাপতি করার চেষ্টা করায় বিরোধিতা করছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, পুলিশ তদন্ত করছে, তাই আমাদের পক্ষ থেকে আলাদা পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই।’ ইউএনও আশিক-উর-রহমান জানিয়েছেন, তিনি অভিযোগ পর্যালোচনা করে দেখছেন।

