বিশ্বকাপের মঞ্চে দুই গোলমেশিন কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ডের অগ্নিগর্ভ লড়াই দেখতে মুখিয়ে ছিলেন ফুটবলপ্রেমীরা। কিন্তু হলান্ডকে বেঞ্চে বসিয়ে রেখে শুরুর আগেই সব রোমাঞ্চে পানি ঢেলে দেন নরওয়ের কোচ। ফ্রান্স অধিনায়ক এমবাপ্পে মাঠে নামলেও তাকে ছাপিয়ে নায়ক এবার উসমান দেম্বেলে। গত পরশু রাতে বোস্টনে দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে হলান্ডবিহীন নরওয়েকে ৪-১ গোলে হারিয়ে আই-গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে আগেই নকআউট নিশ্চিত করা ফ্রান্স। শেষ বত্রিশে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ সুইডেন। আই-গ্রুপে দ্বিতীয় হওয়া নরওয়ে শেষ বত্রিশে মুখোমুখি হবে ই-গ্রুপের রানার্সআপ দল আইভরি কোস্টের। টরেন্টোয় গ্রুপের অন্য ম্যাচে ইরাককে ৫-০ গোলে বিধ্বস্ত করে সেরা আট তৃতীয় দলের একটি হিসাবে নকআউটে উঠেছে সেনেগালও।

শুরুর একাদশে ১০টি পরিবর্তন এনে গ্রুপসেরার লড়াইয়ে হারার আগেই যেন হার মেনে নিয়েছিল নরওয়ে। দলটির চমক দেখানোর বাকি আশাটুকু শেষ করতে দেম্বেলে সময় নেন মাত্র ৩২ মিনিট। ৭ ও ২০ মিনিটে দুবার নরওয়ের জাল কাঁপানোর পর ৩২ মিনিটে বিশ্বাকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক পূর্ণ করেন ব্যালন ডি’অরজয়ী এই পিএসজি তারকা। বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড অস্ট্রিয়ার এরিখ প্রোবস্টের। ১৯৫৪ আসরে তৎকালীন চেকোস্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর ২৪ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেছিলেন তিনি। ৭২ বছরের পুরোনো সেই রেকর্ড ভাঙতে না পারলেও তৃতীয় ফরাসি হিসাবে বিশ্বকাপে হ্যাটট্রিক করে আরেকবার নিজের জাত চেনালেন দেম্বেলে। বর্তমান ব্যালন ডি’অরজয়ী হিসাবে বিশ্বকাপে হ্যাটট্রিক করা চতুর্থ ফুটবলার তিনি।

তিন আসর মিলিয়ে বিশ্বকাপে নিজের প্রথম ১২ ম্যাচে গোলহীন ছিলেন দেম্বেলে। ইরাকের বিপক্ষে আগের ম্যাচে সেই খরা কাটানোর পর এবার হ্যাটট্রিক। নরওয়ের বিপক্ষে দেম্বেলের তিনটি গোলই ছিল চোখজুড়ানো। দ্বিতীয় গোলটি ছিল সবচেয়ে দর্শনীয়। আর হ্যাটট্রিক গোলে ছিল দলের ১১ জনেরই ছোঁয়া। প্রথম দুই ম্যাচে চার গোল করা এমবাপ্পে এবার নিজে জাল কাঁপাতে না পারলেও দেম্বেলের প্রথম দুটি গোলে অ্যাস্টিস্ট করেন তিনি। ২১ মিনিটে মিডফিল্ডার থেলো অগগার্ড ব্যবধান কমালেও ফ্রান্সকে চোখ রাঙাতে পারেনি নরওয়ে। ৫০ মিনিটে পেনালটি মিস করেন নরওয়ের স্ট্রান্ড লারসেন। যোগ করা সময়ে প্যান্সকে আরও একটি গোল এনে দেন দেম্বেলের পিএসজি সতীর্থ দেজিরে দুয়ে।

মায়ের মৃত্যুতে দেশে ফিরে যাওয়ায় এদিন ডাগআউটে ছিলেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। নরওয়েকে উড়িয়ে দেওয়া জয় শোকাতুর গুরুকে উৎসর্গ করেছেন দেম্বেলেরা।