ফিফা র‌্যাংকিংয়ের এক নম্বর দলের সামনে পড়লে হাঁটু কাঁপার কথা ৬৭ নম্বর দলের। কিন্তু নিজেদের প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে প্রতিপক্ষ হিসাবে পেয়ে আতঙ্কিত হওয়ার বদলে উলটো রোমাঞ্চে ভেসে যাচ্ছে পুঁচকে কেপ ভার্দে। অবশ্য রোমাঞ্চকর এক অভিযানেই রয়েছে আফ্রিকার পশ্চিম উপকূলের মাত্র চার হাজার বর্গকিলোমিটার আয়তন এবং পাঁচ লাখ ৩০ হাজার জনসংখ্যার ছোট্ট দ্বীপদেশটি। সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়েকে রুখে দেওয়ার পর বাংলাদেশ সময় শনিবার সকালে গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে ইতিহাসের ক্ষুদ্রতম দেশ হিসাবে বিশ্বকাপের নকআউট পর্বে উঠে নতুন ইতিহাস গড়েছে কেপ ভার্দে। তাদের সামনে এবার লিওনেল মেসির আর্জেন্টিনা। শেষ বত্রিশে আরেক লাতিন পরাশক্তি ব্রাজিলের প্রতিপক্ষ এশিয়ার দেশ জাপান।

আর্জেন্টিনা-জর্ডান ও আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচ দিয়ে আজ সকালে শেষ হচ্ছে বিশ্বকাপের গ্রুপপর্বের লড়াই। শেষ বত্রিশের লড়াইও শুরু হয়ে যাচ্ছে আজ। বাংলাদেশ সময় রাত ১টায় লস অ্যাঞ্জেলেসে নকআউটের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। শেষ বত্রিশের যে দুটি ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ সবচেয়ে বেশি, তার সূচিও চূড়ান্ত হয়ে গেছে। বাংলাদেশ সময় আগামীকাল রাত ১১টায় হিউস্টনে শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে এফ-গ্রুপের রানার্সআপ জাপানের মুখোমুখি হবে সি-গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিল। আর ৪ জুলাই ভোর ৪টায় মায়ামিতে মুখোমুখি হবে জে-গ্রুপের চ্যাম্পিয়ন্স আর্জেন্টিনা ও এইচ-গ্রুপের রানার্সআপ কেপ ভার্দে।

ব্রাজিল ও আর্জেন্টিনা নিজেদের ভাগ্যবান ভাবতে পারে। কারণ, একটু এদিক-ওদিক হলেই শেষ বত্রিশে তাদের প্রতিপক্ষ হতে পারত যথাক্রমে নেদারল্যান্ডস ও স্পেন! এখন ফেভারিটের মতো পরের ধাপগুলো পেরোতে পারলে স্বপ্নের সেমিফাইনালে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সামনে পড়তে পারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। আজ সকাল ৮টায় ডালাসে জর্ডানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ দিয়ে নকআউটের প্রস্তুতি সারবে আর্জেন্টিনা। প্রথম দুই ম্যাচে পাঁচ গোল করা অধিনায়ক লিওনেল মেসিকে আজ শুরুর একাদশে না রেখে বদলি হিসাবে খেলানোর কথা জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

শেষ বত্রিশে বিশ্বকাপের বিস্ময় কেপ ভার্দেকে প্রতিপক্ষ হিসাবে পেয়ে উচ্ছ্বাসে না ভেসে আর্জেন্টিনা বরং সতর্ক। বড়দের থামাতে শিখে যাওয়া কেপ ভার্দে এখন বড়দের হারানোর স্বপ্ন দেখছে। রূপকথার নতুন অধ্যায় লেখার ঘোষণা দিয়ে দলটির কোচ বুবিস্তা বলেছেন, ‘আমাদের কাছে আর কোনো কিছুই এখন অসম্ভব নয়। এই পর্যায়ে এসে আর্জেন্টিনার মতো দল ও মেসির মতো খেলোয়াড়ের বিপক্ষে খেলতে পারাটাই আমাদের জন্য অনেক বড় গর্বের ব্যাপার। আমরা নিজেদের দেশ ও মহাদেশের বাইরেও বিশ্বের সব ছোট দেশের প্রতিনিধিত্ব করছি। আমি চাই না যে, গল্পটা এখানেই শেষ হোক।’

ব্রাজিলের প্রতিপক্ষ জাপান কাগজে-কলমে কেপ ভার্দের চেয়ে ঢের শক্তিশালী। গত বছর প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারানোর পর এবার বিশ্বকাপেও বড় চমক দেখাতে চায় ব্লু সামুরাইরা। জাপানের কোচ হাজিমে মরিয়া সু কোনো রাখঢাক না করে বলেছেন, ‘প্রীতি ম্যাচে আমরা প্রমাণ করেছি, আমাদের হারানো এখন আর সহজ নয়। ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল। আমরা তাদের সম্মান করি। তবে আমি বিশ্বাস করি, আমাদেরও জেতার ও পরের ধাপে যাওয়ার সমান সুযোগ রয়েছে।’