ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সুযোগ দিতে যুক্তরাষ্ট্র এক সপ্তাহের জন্য বিরতি দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি মীমাংসায় পৌঁছাতে ইরান ‘মুখিয়ে আছে’ বলেও দাবি করেছেন তিনি। শুক্রবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। আনাদোলু।
ট্রাম্প বলেন, ‘আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী তৈরি করেছি। আমরা দু’টি বিশ্বযুদ্ধ দেখেছি। এরপর শীতল যুদ্ধের জয়ী হয়ে যুক্তরাষ্টের শত্রুদের ইতিহাসের গভীরে নিক্ষেপ করেছি। আমরা ভেনেজুয়েলাকে এক দিনে পরাজিত করেছি। ইরানের দফারফা করেছি। তারা একটি মীমাংসার জন্য মুখিয়ে আছে। মনেপ্রাণে একটি চুক্তি চায় তারা। তাদের নেতার দাফন সম্পন্ন করার জন্য এক সপ্তাহ সময় দিয়েছি, কারণ আমরা উদার।’ প্রসঙ্গত, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। অভিযানের প্রথম দিনই তেহরানে স্ত্রী, পুত্রবধু এবং নাতনিসহ নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি।








