টানা ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়েছে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডগুলো। শিক্ষার্থী-অভিভাবক থেকে শুরু করে নেটিজেনদেরও তোপের মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এরই মধ্যে মন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সময় তারা স্লোগান দেন- ‘দফা এক দাবি এক, মিলনের পদত্যাগ’; ‘এক দুই তিন চার, মিলন তুই গদি ছাড়’; ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি’; ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ইত্যাদি।

আরও পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভের ডাক

আজ বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনেও পরীক্ষার্থীরা রাস্তা অবরোধ করে এ বিক্ষোভ করেন। এ সময় তারাও স্লোগান দেন-‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি’।

শিক্ষামন্ত্রীর পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে একজন পরীক্ষার্থীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলছেন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ

সেখানে পরীক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘ওরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে।’ বিষয়টি সোমবার (১৩ জুলাই) রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

এদিকে, এদিন রাজধানীর শাহবাগ, সায়েন্সল্যাব মোড়, মিরপুরেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন পরীক্ষার্থীরা।

পাশাপাশি ঢাকার বাইরে রাজশাহী, বরিশাল, ‍কুমিল্লা, চট্টগ্রাম বোর্ডের সামনেও অবরোধ ও বিক্ষোভ করার ঘোষণা দিয়েছেন তারা। তবে দুপুর ১২টা পর্যন্ত অন্য কোথাও কোনো কর্মসূচি করার খবর পাওয়া যায়নি।

এমআরএম