আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা ও তথ্য যাচাই দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ‘ফ্যাক্ট-চেকিং ডিজিটাল ল্যাব’ উদ্বোধন করা হয়েছে। এ ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীদের ডিজিটাল সাংবাদিকতা, গবেষণা ও ব্যবহারিক দক্ষতা উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে।
সোমবার (১৩ জুলাই) বিভাগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ল্যাবটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “ফ্যাক্ট-চেকিং ডিজিটাল ল্যাব উদ্বোধণের মাধ্যমে বিভাগের শিক্ষার্থীদের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং), ডিজিটাল সাংবাদিকতা এবং গবেষণাভিত্তিক দক্ষতা উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণ, গবেষণা কার্যক্রম এবং উদ্ভাবনী উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা সমসাময়িক গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও দক্ষ ও প্রস্তুত হয়ে উঠবে।”
তিনি বলেন, “আমরা লোভ দেখানো চুক্তি থেকে দূরে থাকি। গত এপ্রিল মাসে চুক্তি করে আজকে ল্যাবের শুভ উদ্বোধন করতে পেরে সত্যিকারে আনন্দিত। তাই কথায় নয় কাজে বিশ্বাসী হতে হবে।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরো বলেন, “সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই তোমরা যখন এই পেশায় যাবে, তোমাদেরকে শুধু নেগেটিভ সংবাদ পরিবেশন করলেই হবে না পাশাপাশি সঠিক সংবাদকে গুরুত্ব দিতে হবে এবং সংবাদের ফ্যাক্ট-চেকিং অবশ্যই করে নিতে হবে। আমাদেরকে অপসাংবাদিকতা থেকে বেরিয়ে আসতে হবে এবং নিজেকে একজন আইকন হিসেবে গড়ে তুলতে হবে। সমালোচনা করতে হবে তবে উদ্দেশ্যপূর্নভাবে কাউকে দোষারোপ করা যাবে না।”
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সাবিনা শরমীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা বিশ্ববিদ্যালয়ের কল্যানে কাজ করবে। সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে ধারণ করে তোমরা সাংবাদিকতা করবে এবং যে কোন সংবাদের সত্যতা যাচাই করে সংবাদ পরিবেশন করবে।”
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক শেখ মো. শেখ গিয়াস উদ্দিন এবং এমআরডিআই (Management and Resources Development Initiative–MRDI)-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। এ সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৮ এপ্রিল ২০২৬ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং এমআরডিআইয়ের মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ল্যাব সমৃদ্ধকরণে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। ওই চুক্তির আওতায় এমআরডিআই বিভাগটিকে আটটি ডেস্কটপ কম্পিউটার ও একটি শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্র প্রদান করেছে।








