ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলের বাগানে জমে থাকা পানিতে একটি বড় মাগুর মাছ ধরা পড়েছে। একই স্থানে আরো দুটি মাগুর মাছ দেখা গেছে দাবি করছেন শিক্ষার্থীরা। ঘটনাটি শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে বিষয়টি জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “কিছুক্ষণ আগেই সলিমুল্লাহ মুসলিম হলের বাগানে জমে থাকা পানি থেকে বড় একটি মাগুর মাছ ধরলেন হলের স্টাফ রিপন ভাই। আরও দুইটি মাগুর দেখা গেছে। মাছ ধরতে চাইলে দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব হলখ্যাত সলিমুল্লাহ মুসলিম হলের বাগানে চলে আসুন।”

তিনি আরো লেখেন, “নিজের চোখে দেখার আগে আমিও প্রথমে বিশ্বাস করি নাই।”

টানা বর্ষণের কারণে গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় পানি জমে রয়েছে। এর মধ্যেই সলিমুল্লাহ মুসলিম হলের বাগানে মাগুর মাছ ধরা পড়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

হলটির শিক্ষার্থীদের ধারণা, সাম্প্রতিক বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে আশপাশের কোনো জলাশয় থেকে মাছগুলো ভেসে এসে থাকতে পারে।

প্রসঙ্গত, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দীর্ঘদিন পানি জমে থাকার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (ডাকসু) উদ্যোগে জমে থাকা পানিতে দেশীয় প্রজাতির কৈ ও মাগুর মাছ অবমুক্ত করার ঘটনাও ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল। এর পর সলিমুল্লাহ মুসলিম হলের বাগানে স্বাভাবিকভাবে মাগুর মাছ পাওয়া গেছে এই ঘটানটি নতুন করে কৌতূহল তৈরি করেছে।