বিয়ের দাওয়াত শেষে ক্যাম্পাসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থী মো. জাহিদ হাসান। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোশারফ হোসেন।
সোমবার (১৩ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সাগরদিঘী এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভারই গ্রামে।
জাহিদ বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
পারিবারিক ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, টাঙ্গাইলে একটি বিয়ের দাওয়াত শেষে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন জাহিদ। পথে সাগরদিঘী এলাকায় তাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনি সিএনজির সামনের আসনে বসা ছিলেন। সংঘর্ষে বুকে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জাহিদের অকাল ও মর্মান্তিক মৃত্যুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিবার এবং তার বিভাগে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকদের মধ্যেও বিরাজ করছে শোক ও স্তব্ধতা।
উপাচার্যের অনুমোদনক্রমে জাহিদের জানাজায় অংশগ্রহণের জন্য শিক্ষক-শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসন একটি বিশেষ বাসের ব্যবস্থা করেছে বলে জানা গেছে।
এদিকে, জাহিদের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এক শোকবার্তায় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিব আহমেদ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।








