সাভারের আমিনবাজার ল্যান্ডফিল (আবর্জনার স্তূপ) থেকে ২০২৮ সালের নভেম্বরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (১ জুলাই) বিকেলে আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত সময়ে পরিবেশ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের ছাড়পত্র সংক্রান্ত জটিলতা থাকায় প্রকল্পের কাজ শুরু হয়নি। বর্তমান সরকার দুই বছর বর্ধিত সময়ে ছাড়পত্র দেওয়ায় প্রকল্পের কাজ শুরু করেছে সিএমইসি চায়না মেশিনারি।
তিনি বলেন, ‘চুক্তি অনুযায়ী আমিনবাজারের ল্যান্ডফিলে প্রতিদিন প্রায় তিন হাজার টন সলিড বর্জ্য ব্যবহার করা হবে। যা থেকে সর্বোচ্চ ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ৩০ একর ভূমি ভাড়া বাবদ ঢাকা উত্তর সিটি করপোরেশনকে বার্ষিক প্রায় দুই কোটি টাকা ভাড়া পাবে সিটি করপোরেশন। উৎপাদিত বিদ্যুতের ইউনিট প্রতি ২১.৭৮ সেন্ট কিলোওয়াট দরে কেনবে সরকার।’
এসময় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদপুর ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাহফুজুর রহমান নিপু/এসআর/জেআইএম








