প্রশ্ন: রাতে গাছের পাতা ছেঁড়া কি নিষিদ্ধ?

উত্তর: কোরআনে বা হাদিসে রাতে গাছের পাতা ছিঁড়তে নিষেধ করা হয়নি। প্রয়োজনে দিনে যেমন গাছের পাতা ছেঁড়া যাবে, রাতেও গাছের পাতা ছেঁড়া যাবে। প্রয়োজন হলে রাতের বেলা গাছ কাটাও নিষিদ্ধ নয়।

তবে অপ্রয়োজনে গাছ কাটা বা গাছের পাতা ছিঁড়ে গাছ নষ্ট করা যাবে না সেটা রাতে হোক বা দিনে হোক। অপ্রয়োজনে গাছ কাটতে নিষেধ করেছেন রাসুল (সা.)। অকারণে গাছ কাটার জন্য শাস্তি হবে বলে সতর্ক করেছেন। আব্দুল্লাহ ইবনু হুবশী (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তি কুল গাছ কাটবে, আল্লাহ তাকে উপুড় করে জাহান্নামে ফেলবেন। ইমাম আবু দাউদকে (রহ.) এ হাদিসের তাৎপর্য সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি খুবই সংক্ষিপ্ত হাদিস। অর্থাৎ খোলা ময়দানের কুল গাছ, যার ছায়ায় পথচারী ও চতুস্পদ প্রাণী আশ্রয় নিয়ে থাকে তা কোনো ব্যক্তি অপ্রয়োজনে ও অন্যায়ভাবে কেটে ফেললে আল্লাহ তাকে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করবেন। (সুনানে আবু দাউদ)

আরও পড়ুন

কবরস্থানে জন্মানো ঘাস পশুকে খাওয়ানো যাবে কি?

রাসুল (সা.) বেশি বেশি গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন। গাছের পরিচর্যা করতে বলেছেন। গাছ সংরক্ষণ করতে বলেছেন। রাসুল (সা.) বলেছেন, কোনো মুমিন ব্যক্তি যদি গাছ লাগায় বা ফসল ফলায়, সেই গাছ বা ফসল থেকে কোনো মানুষ, পাখি বা জীবজন্তু আহার করে, তা তার জন্য সদকা হয়। তার রোপণ করা গাছের ছায়ায় যদি কেউ বসে, তাও তার জন্য সদকা হয়। (সহিহ বুখারী, সহিহ মুসলিম)

গাছ লাগানো কত গুরুত্বপূর্ণ তা বোঝাতে রাসুল (সা.) এ রকমও বলেছেন, ধরুন কেয়ামত এসে গেছে, তখনও যদি আপনাদের কারো হাতে একটি খেজুরের চারা থাকে, সেই চারাটিও রোপণ করুন। (মুসনাদে আহমদ)

আরও পড়ুন

নবীজির (সা.) প্রিয় ৩ ফল

তাই অপ্রয়োজনে গাছ কাটবেন না বা গাছের পাতা ছিঁড়ে গাছ নষ্ট করবেন না। বরং সুযোগ পেলেই গাছ লাগান। বাড়ির উঠোনে, গেটের ধারে, রাস্তার ধারে, খেলার মাঠের পাশে বা বাজারে যেখানেই উপযোগী জায়গা ও পরিবেশ পাওয়া যায়, কিছু উপকারী গাছের চারা লাগিয়ে দিন। শহুরে বাড়ির বারান্দা বা ছাদে গাছ লাগানোর উপযোগী জায়গা তৈরি করুন। চারাগাছের পরিচর্যা করুন, সংরক্ষণ করুন। শক্ত হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সার পানি দিন। বেড়ে ওঠার উপযুক্ত জায়গায় উদগত যে কোনো চারাগাছই সংরক্ষণের চেষ্টা করুন। 

ওএফএফ