ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তরে মন্তরে লাদাখের পরিবেশকর্মী ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের আমরণ অনশন শনিবার সপ্তম দিনে গড়িয়েছে। ২৮ জুন শুরু হওয়া এই অনশনকে ঘিরে আন্দোলনকারীদের উদ্বেগ ক্রমেই বাড়ছে। তাদের দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ওয়াংচুক অনশন প্রত্যাহার করবেন না। বিভিন্ন ভারতীয় সূত্রে জানা যায়, অনশনের কারণে তার শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি ঘটেছে। শনিবার ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানিয়েছেন, সাত দিনে ওয়াংচুকের ওজন ৫ কেজিরও বেশি কমে গেছে। তার স্বাস্থ্য ক্রমাগত ভেঙে পড়ছে। এছাড়া অনশনের কারণে ওয়াংচুকের রক্তচাপ এবং রক্তে শর্করার মাত্রা আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। চিকিৎসকরা তার স্বাস্থ্যের ওপর কড়া নজর রাখছেন।

আন্দোলনের উদ্যোক্তাদের দাবি, ওয়াংচুকের ওজন ইতোমধ্যে উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রাও আগের তুলনায় নেমে এসেছে। যদিও তিনি আন্দোলনকারীদের আশ্বস্ত করে জানিয়েছেন, নিজের অবস্থান থেকে তিনি সরে আসবেন না। তার বক্তব্য, শিক্ষাব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন। আন্দোলনের অন্যতম সংগঠক সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, অনশনের প্রতিটি দিন ওয়াংচুকের শারীরিক অবস্থা আরও দুর্বল হয়ে পড়ছে। তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তবুও তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন। সংগঠকদের অভিযোগ, সরকার দ্রুত উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। অনশনের ষষ্ঠ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সোনম ওয়াংচুক লাদাখ নিয়ে কেন্দ্রের সাম্প্রতিক কিছু উদ্যোগকে স্বাগত জানান।