রাজধানীর বনানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার শিশুসহ সাতজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বনানীর আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশের সড়ক থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশের দাবি, নাশকতার উদ্দেশ্যে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিল তারা। আটক তিন তরুণ হলেন মো. আরিফ, শাকিল আহমেদ ও আশিক আহমেদ মোস্তফা। তাঁদের প্রত্যেকের বয়স ১৯ বছর। বাকি চারজন শিশু।
আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশের সড়কে ১০০ থেকে ১২০ জনের একটি দল মশাল নিয়ে মিছিলের উদ্দেশ্যে জড়ো হয়েছে বলে খবর পায় বনানী থানা-পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাতজনকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ৭০টি মশাল, একটি ব্যানার ও ৭৭টি ফেস মাস্ক উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।







