চট্টগ্রামের পারকি সমুদ্রসৈকতে দিনদুপুরে অবৈধভাবে বালু লুটের সময় স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পালিয়ে গেছে বালুদস্যুরা। শুক্রবার দুপুর ১২টার দিকে সৈকতের লুসাই পার্ক অংশে এ ঘটনা ঘটে।

শুক্রবার দুপুরে পারকি সমুদ্রসৈকতে গিয়ে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পারকি সমুদ্রসৈকতে বেসরকারিভাবে গড়ে ওঠা লুসাই পার্ক কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে রাতের আঁধারে এবং সুযোগ বুঝে দিনের বেলাতেও পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। শুক্রবার দুপুরেও বালু তোলার সরঞ্জাম নিয়ে বালুদস্যুরা সৈকতে হানা দেয় এবং প্রকাশ্যেই বালু উত্তোলন করে। এ সময় স্থানীয়রা পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন। গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে ঘটনাস্থলে গিয়ে তীব্র প্রতিবাদ জানান একং বালু লুটে বাধা দেন। স্থানীয়দের এমন কড়া অবস্থান ও তোপের মুখে পড়ে বালুদস্যুরা তড়িঘড়ি সরঞ্জাম রেখে পালিয়ে যেতে বাধ্য হয়।

সৈকত এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক দিন ধরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জিও ব্যাগ ভরাটের অজুহাতে লুসাই পার্কে নিয়োজিত শ্রমিক দিয়ে সৈকত থেকে বালু তুলছে তারা। তবে এসবের কোনো প্রমাণপত্র দেখাতে পারেনি তারা। এ ছাড়া কয়েক মাস ধরে স্থানীয় কয়েকজন পারকি সমুদ্রসৈকতের দক্ষিণ পাশে পরুয়াপাড়া অংশে সিপিটিএল প্রকল্পের নামে জমি ভরাট করছে পারকি সমুদ্রসৈকত থেকে বালু তুলে। সৈকতের চরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে সৈকত থেকে উত্তোলিত বালু ট্রাকে করে নিয়ে যাচ্ছে অন্য কোথাও। স্থানীয়দের অবস্থান ও তোপের মুখে পড়ে বালুদস্যুরা তড়িঘড়ি করে সরঞ্জাম রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে কর্ণফুলী থানা-পুলিশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের কর্মকর্তারা বালু উত্তোলনের সরঞ্জামগুলো জব্দ করেন।

পারকি সমুদ্রসৈকতের ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. আবুল কাশেম বলেন, লুসাই পার্কের ভাঙন ঠেকাতে পার্ক কর্তৃপক্ষের লোকজন পারকি সৈকতে এস্কাভেটর (ভেকু) ও ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছিল। সকালে স্থানীয়রা সৈকত রক্ষায় ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বালু তোলার খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে একযোগে ঘটনাস্থলে উপস্থিত হন এবং তীব্র প্রতিবাদ জানিয়ে বাধা প্রদান করেন। এ সময় বালুদস্যুরা সরঞ্জাম রেখে পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে পারকি সমুদ্রসৈকতের লুসাই পার্কের স্বত্বাধিকারী আনিসুর রহমানের মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

পারকি সমুদ্রসৈকতের আওতাধীন বরুমছড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. শফিক উদ্দিন বলেন, লুসাই পার্ক নিজস্ব জিও ব্যাগ ভরাট করছিল পারকি সমুদ্রসৈকতের বালু তুলে। সৈকত থেকে বালু উত্তোলন না করার জন্য নির্দেশও দেওয়া হয় তাদের। কিন্তু তারা তা শোনেনি। শুক্রবার দুপুরে বালু উত্তোলনের সরঞ্জামগুলো জব্দ করে প্রয়োজনীয় ব্যবস্থা

নেওয়া হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, পারকি সমুদ্রসৈকত থেকে দিনদুপুরে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সৈকতের চর থেকে বালু উত্তোলনের সরঞ্জামগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জানতে চাইলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম বিভাগ-১ নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ আজকের পত্রিকাকে বলেন, ‘আনোয়ারার উপকূল রক্ষায় সাগর উপকূলের গহিরা বাইগ্গারঘাট ও উত্তর পরুয়াপাড়া অংশে বাঁধের কাজ চলমান রয়েছে। তবে পারকি সমুদ্রসৈকতের লুসাই পার্কের বিষয়টি আমাদের জানা নেই।’