বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ড দলে কোনো ধরনের বিভেদ নেই বলে স্পষ্ট জানিয়েছেন অধিনায়ক হ্যারি কেইন। দলের মধ্যে ‘সম্পূর্ণ ঐক্য’ রয়েছে বলে দাবি করেছেন তিনি।
কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে অতিরিক্ত সময়ে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় ইংল্যান্ড। ম্যাচ শেষে কোচ টমাস টুখেল দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন বলে মন্তব্য করেন।
এরপর দুই গোল করা জুড বেলিংহ্যাম বলেন, এমন গরম ও কঠিন আবহাওয়ায় খেলার অভিজ্ঞতা না থাকলে বিষয়টি বোঝা কঠিন। তার এই মন্তব্যকে ঘিরে কোচ ও খেলোয়াড়দের মধ্যে মতবিরোধের আলোচনা শুরু হয়।
তবে সেই গুঞ্জন একেবারেই উড়িয়ে দিয়েছেন হ্যারি কেইন। বিবিসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘ম্যাচ শেষ হওয়ার মাত্র পাঁচ মিনিট পর একজন খেলোয়াড়কে প্রশ্ন করা হয়েছিল। সে তখন ঠিকভাবে জানতই না কোচ কী বলেছেন। এমন পরিস্থিতিতে জুডের কাছ থেকে আর কী প্রত্যাশা করা যায়?’
তিনি আরও বলেন, ‘আমরা খুব কঠিন একটি লড়াই শেষ করে এসেছি। কিন্তু অনেকেই অযথা দলের মধ্যে বিভেদ খুঁজতে চান। বড় টুর্নামেন্টে এটি যেন ইংল্যান্ডকে ঘিরে একটি সাধারণ প্রবণতা হয়ে গেছে।’
কেইনের ভাষায়, ‘বাস্তবতা ঠিক তার উল্টো। আমাদের এই পর্যায়ে আসার অন্যতম কারণই হলো দলের ঐক্য। শুধু খেলোয়াড় নয়, কোচিং স্টাফসহ পুরো দলের মধ্যে দারুণ বোঝাপড়া রয়েছে। অনেক সময় বিষয়গুলো বাস্তবের চেয়ে বড় করে উপস্থাপন করা হয়।’
টমাস টুখেলের স্পষ্টভাষী স্বভাবেরও প্রশংসা করেছেন কেইন। তিনি বলেন, ‘খেলোয়াড়রা নিজেরাই জানে কখন ভালো খেলছে আর কখন নয়। কোচ কী বোঝাতে চেয়েছেন, আমরা তা বুঝতে পেরেছি। তিনি সবসময় দলের মানসিকতা ও লড়াইয়ের প্রশংসা করেন।’
কেইন আরও যোগ করেন, ‘টুখেল হৃদয় থেকে কথা বলেন। তার বক্তব্য কখনোই সাজানো বা মুখস্থ মনে হয় না। এ কারণেই খেলোয়াড়রা তাকে বিশ্বাস করে। বিশ্বের অন্যতম সেরা কোচ হওয়ার পেছনে এটাই বড় কারণ। গত দুই বছরে আমরা তাকে খুব কাছ থেকে জেনেছি এবং বুঝেছি কীভাবে তিনি দলকে পরিচালনা করেন।’
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে অধিনায়কের এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, মাঠের বাইরে যতই গুঞ্জন থাকুক, আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ে পুরো ইংল্যান্ড দল ঐক্যবদ্ধভাবেই নামতে প্রস্তুত।
এমএমআর








