বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত  রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও স্পেন। তবে ডালাসে বাঁশি বাজার আগেই আরেকটি লড়াইয়ের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে দুই দল। সেটি খেলোয়াড়দের বাজারমূল্যের।

স্প্যানিশ দৈনিক এএস-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, দুই দলের বর্তমান স্কোয়াডের সম্মিলিত বাজারমূল্য ৩০০ কোটি ডলারেরও বেশি, যা বাংলাদেশি মুদ্রায় ৩৭ হাজার কোটি টাকার ওপরে। সংবাদমাধ্যমটির দাবি, খেলোয়াড়দের আর্থিক মূল্য বিবেচনায় এটি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে দামি সেমিফাইনাল।

মোট বাজারমূল্যের হিসাবেও এগিয়ে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ফরাসি স্কোয়াডের আনুমানিক মূল্য প্রায় ১৭৮ কোটি ডলার। অন্যদিকে স্পেনের দলটির মূল্য প্রায় ১৪৩ কোটি ডলার। দুই পরাশক্তির মধ্যে ব্যবধান প্রায় ৩৫ কোটি ডলার।

তবে সবচেয়ে দামি ফুটবলার কিন্তু ফ্রান্সের নন। সেই জায়গাটি দখল করে আছেন স্পেনের বিস্ময়বালক লামিনে ইয়ামাল। তার বর্তমান বাজারমূল্য প্রায় ২৩.৪ কোটি ডলার। খুব কাছাকাছিই আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে, যার মূল্য প্রায় ২১ কোটি ডলার। এছাড়া মাইকেল ওলিসে ও পেদ্রির বাজারমূল্যও প্রায় ১৭.৫ কোটি ডলার করে।

দুই দলের তারকাবহুল স্কোয়াডের গভীরতাও চোখে পড়ার মতো। ইয়ামাল, এমবাপ্পে, ওলিসে ও পেদ্রি ছাড়াও আরও সাতজন ফুটবলারের বাজারমূল্য ১১.৭ কোটি ডলার বা তারও বেশি। সব মিলিয়ে অন্তত ৫.৮ কোটি ডলার মূল্যমানের খেলোয়াড় আছেন ২২ জন। এর মধ্যে ১৫ জনই ফ্রান্সের, স্পেনের রয়েছে ৭ জন। অর্থাৎ উচ্চমূল্যের খেলোয়াড়ের সংখ্যায় স্পষ্টভাবে এগিয়ে ফরাসিরা।

পজিশনভিত্তিক বিশ্লেষণে অবশ্য ছবিটা ভিন্ন। গোলরক্ষকদের বাজারমূল্যে এগিয়ে স্পেন। তাদের তিন গোলকিপারের সম্মিলিত মূল্য প্রায় ১১.৪ কোটি ডলার, যেখানে ফ্রান্সের তিন গোলরক্ষকের মোট মূল্য প্রায় ৬.৭ কোটি ডলার।

রক্ষণভাগে আবার আধিপত্য ফ্রান্সের। ফরাসি ডিফেন্ডারদের সম্মিলিত বাজারমূল্য প্রায় ৪৭.৩ কোটি ডলার, আর স্পেনের রক্ষণভাগের মূল্য প্রায় ৩৩.৭ কোটি ডলার।

মাঝমাঠে পাল্টা জবাব দিয়েছে স্পেন। তাদের মিডফিল্ডারদের মোট বাজারমূল্য প্রায় ৪৯.১ কোটি ডলার, যেখানে ফ্রান্সের মিডফিল্ডের মূল্য প্রায় ৩৬.৫ কোটি ডলার।

তবে দুই দলের মোট বাজারমূল্যের পার্থক্য গড়ে দিয়েছে আক্রমণভাগ। ইয়ামালের একার মূল্য আকাশছোঁয়া হলেও ফ্রান্সের উইঙ্গার ও স্ট্রাইকারদের সম্মিলিত বাজারমূল্য প্রায় ৮৭.৭ কোটি ডলার। তুলনায় স্পেনের আক্রমণভাগের মূল্য প্রায় ৪৮.৮ কোটি ডলার।

অর্থের অঙ্কে ফ্রান্স এগিয়ে, ব্যক্তিগত বাজারমূল্যে শীর্ষে ইয়ামাল। তবে বিশ্বকাপের সেমিফাইনালে শেষ পর্যন্ত মূল্য নয়, পারফরম্যান্সই নির্ধারণ করবে কে জায়গা করে নেবে শিরোপা লড়াইয়ের মঞ্চে।