বিশ্বকাপের দুই সেমিফাইনালেই মুখোমুখি হচ্ছে ফুটবলের পরাশক্তিরা। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি টিকিটের বাজারেও স্পষ্ট পার্থক্য দেখা গেছে। বিশেষ করে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের টিকিটের চাহিদা অন্য সেমিফাইনালের তুলনায় অনেক বেশি।

টিকিট ট্র্যাকিং সংস্থা টিকিটডাটাডটকম-এর তথ্য অনুযায়ী, সোমবার (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) পর্যন্ত ডালাসে অনুষ্ঠিতব্য ফ্রান্স-স্পেন সেমিফাইনালের একটি টিকিটের গড় মূল্য ছিল ১,৩২৫ মার্কিন ডলার। গত তিন দিনে এই ম্যাচের টিকিটের দাম প্রায় ২৬ শতাংশ কমেছে।

অন্যদিকে, বুধবার আটলান্টায় অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের টিকিটের গড় মূল্য পৌঁছেছে ২,৮৪১ মার্কিন ডলারে, যা গত তিন দিনে ৩৪ শতাংশ বেড়েছে। শনিবার এই ম্যাচের টিকিটের দাম সর্বোচ্চ ২,৯৬৬ ডলার পর্যন্ত উঠেছিল। পরে কিছুটা কমে গেলেও আবারও মূল্য বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকদের মতে, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জনপ্রিয়তা এবং লিওনেল মেসির আকর্ষণই এই ম্যাচের টিকিটের চাহিদা বাড়িয়ে দিয়েছে। এছাড়া মেজর লিগ সকারের ক্লাব আটলান্টা ইউনাইটেডে আর্জেন্টাইন সমর্থকদের বড় একটি উপস্থিতিও এই আগ্রহে ভূমিকা রাখছে।

এদিকে, শনিবার মিয়ামিতে অনুষ্ঠিতব্য তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের টিকিটের গড় মূল্য ১,৫৪৩ মার্কিন ডলার, যা আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের তুলনায় প্রায় অর্ধেক।

সবচেয়ে বেশি দাম অবশ্য বিশ্বকাপ ফাইনালের টিকিটের। রোববার নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের টিকিটের বর্তমান গড় মূল্য ৬,৭৬০ মার্কিন ডলার। যদিও গত ৭২ ঘণ্টায় এর দাম প্রায় ৬ শতাংশ কমেছে। গত অক্টোবরে এই ম্যাচের টিকিটের সর্বোচ্চ মূল্য ১৩,৬৫০ ডলার পর্যন্ত উঠেছিল।

এদিকে ফিফা শেষ মুহূর্তে টিকিট বিক্রির জন্য নতুন করে ক্যাটাগরি-২-এর প্রায় ১,২০০টি টিকিট ছেড়েছে, যার প্রতিটির মূল্য ৭,৩৮০ মার্কিন ডলার। সর্বশেষ তথ্য অনুযায়ী, ফাইনালের জন্য স্টেডিয়ামের উপরের গ্যালারির পাঁচটি সেকশনে মোট ১,১৭৮টি আসন এখনও বিক্রির জন্য উপলব্ধ রয়েছে।

বিশ্বকাপের শেষ চারকে ঘিরে মাঠের উত্তেজনার পাশাপাশি টিকিটের বাজারেও চলছে তুমুল প্রতিযোগিতা, যা ফুটবলপ্রেমীদের আগ্রহের মাত্রাই স্পষ্ট করে তুলছে।

এমএমআর