এক নম্বর দলের সঙ্গে তিন নম্বর দলের ম্যাচ বলে কথা। তাও আবার বিশ্বকাপের সেমিফাইনালে। মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে ম্যাচ নিয়ে আকর্ষণীয় বার্তা তো থাকবেই। দিদিয়ের দেশম স্পেনকে স্পষ্ট ফেবারিট মানলেও লামিনে ইয়ামালের আশা, লড়াইটা হবে হাড্ডাহাড্ডি।

বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ফ্রান্স। স্পেন অবস্থান করছে তিনে। ফ্রান্স এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ১৬ গোল করেছে। বিপরীতে ২ গোল হজম করেছে। ১৬ গোলের মধ্যে কিলিয়ান এমবাপ্পের অবদান ১১ গোলে। নিজেই করেছেন ৮ গোল ও অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। আরেক তারকা স্ট্রাইকার উসমান দেম্বেলের গোল পাঁচটি। রয়েছে একটি হ্যাটট্রিকও। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে ফ্রান্স কোচ দেশম বলেন, ‘কেপ ভার্দের বিপক্ষে স্পেন প্রথম ম্যাচে যা করেছিল (গোলশূন্য ড্র), সেটা ভুলে যান। কিন্তু এরপরের ম্যাচগুলোতে স্পেন প্রমাণ করেছে যে, তারাই টুর্নামেন্টে স্পষ্ট ফেবারিট।’

স্পেন এবারের বিশ্বকাপে ৮ গোল দিয়ে বিপরীতে হজম করেছে কেবল ১ গোল। একমাত্র গোলটি তারা হজম করেছে বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে। তা ছাড়া স্পেন-ফ্রান্সের মুখোমুখি লড়াইয়ে স্প্যানিশদের পাল্লাই ভারী। ৩৮ ম্যাচের মধ্যে স্পেন জিতেছে ১৮ ম্যাচ। ফ্রান্সের জয় ১৩ ম্যাচে। আর ড্র হয়েছে ৭ ম্যাচ।

দুই দলের মুখোমুখি লড়াই ছাপিয়ে ইয়ামাল যেন স্পেন-ফ্রান্স ম্যাচকে বিশ্লেষণ করছেন এবারের বিশ্বকাপের পারফরম্যান্স দেখেই। ১৯ বছর বয়সী স্প্যানিশ তারকা ফরোয়ার্ড বলেন, ‘এটি সব সমর্থকের জন্য, স্পেন ও ফ্রান্সের মানুষের জন্য দারুণ একটি ম্যাচ হবে। বিশ্বকাপে সবাই এমন একটি ম্যাচই দেখতে চেয়েছিল বলে আমার বিশ্বাস। দুই দলই নিজেদের সর্বোচ্চ দিয়ে আক্রমণ ও রক্ষণ করবে। আর ম্যাচটি খুবই হাড্ডাহাড্ডি হবে।’

দেশম ও স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের বয়স ৫৭ ও ৬৫ বছর। দলের পরিস্থিতি যেমনই হোক, দুই কোচকে ডাগআউটে সে অর্থে উত্তেজিত হতে দেখা যায় না। যদিও দে লা ফুয়েন্তে মাঝেমধ্যে টুকটাক প্রতিক্রিয়া দেখান। আজ ডালাসে হতে যাওয়া সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচকে নিয়ে একটু মজাই করেছেন দেশম। ফ্রান্সের কোচ বলেন, ‘আমি লুইস (দে লা ফুয়েন্তে, দলের কোচ) এবং তার দলের ওপর অতিরিক্ত চাপ দিতে চাই না। সে খুব ভালো করেই জানে। সবাই তাদের দলের কাছ থেকে অনেক বড় প্রত্যাশা করছে।’

কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে লামিনে ইয়ামাল শুরুর একাদশে ছিলেন না। গতকাল তিনি ১৯ বছর পূর্ণ করেছেন। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র এক গোল করেছেন। তবে কোনো অ্যাসিস্ট নেই। তবে স্পেনের মোট ৫৪০ মিনিটের মধ্যে মাত্র ৪০৫ মিনিট খেলেও দলের হয়ে শট, লক্ষ্যে শট, মাটিতে দ্বৈরথে জয় এবং সফল ক্রস—এই চারটি পরিসংখ্যানে সবার শীর্ষে তিনি।

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা সেমিফাইনালে খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। তাতে বিশ্বকাপ ফুটবলে ঘটল এক ইতিহাস। ফিফা র‍্যাঙ্কিংয়ের প্রথম চারে থাকা দলগুলো এবারই প্রথমবারের মতো খেলছে সেমিফাইনালে। আজ ডালাসে প্রথম সেমিতে মুখোমুখি হবে ফ্রান্স-স্পেন। বর্তমান র‍্যাঙ্কিংয়ে ফ্রান্স ও স্পেন অবস্থান করছে ১ ও ৩ নম্বরে। আর আটলান্টায় আগামীকাল হবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের অবস্থান ২ ও ৪ নম্বরে। গত বছরের ৫ ডিসেম্বর যখন বিশ্বকাপের সূচি ঠিক করা হয়েছিল, তখনো র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল ছিল আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন এবং ইংল্যান্ড।