ফাইনালের আগে যেন আরেক ফাইনাল। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মঙ্গলবার দিনগত রাত একটায় (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে অবস্থিত এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স।

গত কয়েক বছরে সেমিফাইনালে দুই দলের এটি তৃতীয় গুরুত্বপূর্ণ মুখোমুখি। এর আগে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০২৫ নেশন্স লিগের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল স্পেন। তাই এবার সেই দুই পরাজয়ের প্রতিশোধ নিতে মরিয়া 'লে ব্লু'রা।

টুর্নামেন্টের শুরু থেকেই অন্যতম ফেবারিট হিসেবে মাঠে নেমেছে ফ্রান্স। এখন পর্যন্ত ছয়টি ম্যাচেই দাপুটে ফুটবল খেলেছে দিদিয়ের দেশমের দল। নকআউট পর্বে প্যারাগুয়ে ও মরক্কোর বিপক্ষে স্বাচ্ছন্দ্যের সঙ্গে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন এমবাপেরা।

অন্যদিকে স্পেন পাঁচটি ম্যাচ জিতলেও এখনো নিজেদের সেরা ছন্দে ফিরতে পারেনি। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করলেও আক্রমণভাগ প্রত্যাশা অনুযায়ী ধারালো ছিল না। ফলে এবারই প্রথম বড় পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে লা রোজারা।

ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি তাদের বিধ্বংসী আক্রমণভাগ। কিলিয়ান এমবাপে, মাইকেল অলিজে ও উসমান দেম্বেলের ত্রয়ী পুরো টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। অন্যদিকে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল, দানি ওলমো ও মিকেল ওইয়ারসাবালদের ওপর থাকবে গোল করার দায়িত্ব। কোচ লুইস দে লা ফুয়েন্তে আশা করছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের সেরাটা উপহার দেবেন ইয়ামাল।

সম্ভাব্য একাদশে স্পেনের হয়ে খেলতে পারেন উনাই সিমন, পেদ্রো পোরো, পাও কুবার্সি, এমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইজ, লামিন ইয়ামাল, দানি ওলমো, অ্যালেক্স বায়েনা ও মিকেল ওইয়ারসাবাল।

ফ্রান্সের সম্ভাব্য একাদশে রয়েছেন মাইক মেইনিয়ান, জুল কুন্দে, দায়ো উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকা দিন, কোনোয়ে, আদ্রিয়েন রাবিও, উসমান দেম্বেলে, মাইকেল অলিজে, দেজিরে দুয়ে এবং কিলিয়ান এমবাপে।

ফুটবল বিশ্লেষকদের মতে, এটি টুর্নামেন্টে এখন পর্যন্ত দুই দলেরই সবচেয়ে কঠিন পরীক্ষা হতে যাচ্ছে। সাম্প্রতিক দুই দেখায় স্পেন এগিয়ে থাকলেও এবার ফ্রান্সকে কিছুটা এগিয়ে রাখছেন অনেকেই। 

দেখা যাক, দুই পরাশক্তির লড়াইয়ে কে হাসে শেষ হাসি।

এমএমআর