ইয়াবাসহ আটক আর্জেন্টিনা সমর্থককে এআই টুল ব্যবহার করে ব্রাজিল সমর্থক বানানোর অভিযোগ উঠেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া উইংয়ের বিরুদ্ধে। সেই এআই ছবি প্রকাশ করা হয়েছে তাদের মিডিয়া সেলে। এর আগে সোমবার বিকালে নগরীর পলাশপুর কলোনিতে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয় মাদক কারবারি রাসেল হাওলাদারকে। রাসেল পলাশপুরের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। গ্রেফতারের সময় তার গায়ে আর্জেন্টিনার জার্সি ছিল। থানা পুলিশ জার্সি উলটিয়ে তোলা ছবি বিএমপির মিডিয়া সেলে সরবরাহ করে। মিডিয়া উইংয়ের এসআই তানজিল আহমেদ এআই টুল ব্যবহার করে মাদক কারবারিকে ব্রাজিলের জার্সি পরিয়ে দেন। এমনকি গণমাধ্যমে পাঠানো ই-মেইলে জানানো হয় ব্রাজিল সমর্থক ইয়াবাসহ আটক হয়েছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমের পক্ষ থেকে নগর পুলিশ কমিশনার আশিক সাঈদকে অবগত করা হলে পুনরায় সংশোধিত তথ্য প্রকাশ করে মিডিয়া উইং। পাশপাশি অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি। তানজিল আমহেদ বলেন, বিষয়টি ইয়ারকির ছলে হয়ে গেছে। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি।