যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বুধবার (১৫ জুলাই) মধ্যরাতে অনুষ্ঠিত ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আনন্দে মেতে ওঠেন মেসি ভক্তরা। নেত্রকোণা পৌর শহরেও আর্জেন্টিনার বিজয় মিছিল বের করেন সমর্থকরা। সেই মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভবনের ছাদ থেকে নিচে পড়ে দীপ্ত চৌধুরী (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মারা যাওয়া দীপ্ত চৌধুরী পৌর শহরের মালনী এলাকার শিউলী রানী রায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনার জয়ের পর মধ্যরাত সাড়ে ৩টার দিকে এলাকাবাসী বিজয় মিছিলের প্রস্তুতি নেন। মিছিলের ছবি ও ভিডিও ধারণের উদ্দেশ্যে দীপ্ত শহীদ মিনার মোড়ে অবস্থিত একটি শোরুমের দ্বিতীয় তলায় ওঠেন। ভিডিও ধারণের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। বিদ্যুৎস্পৃষ্টে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত দীপ্তের মামা সুব্রত রায় টিটু জানান, বিজয় মিছিলের ভিডিও ধারণ করতে দীপ্ত একটি ভবনের দ্বিতীয় তলায় উঠেছিল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে নিচে পড়ে যায়। বন্ধুরা গুরুতর আহত অবস্থায় তাকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক দীপ্তকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোণা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।








