অন্যান্যবারের মত এবারের বিশ্বকাপেও দেখা যাচ্ছে ভবিষ্যদ্বক্তা নানা ব্যক্তি ও প্রাণীর। যদিও, এবার তাদের করা অনেক ভবিষ্যদ্বাণীই ভুল প্রমাণিত হচ্ছে। এরই মধ্যে ব্রাজিল-জাপান ম্যাচ নিয়ে এক জার্মান গণিতবীদের ভবিষ্যদ্বানী ভুল প্রমাণিত হয়েছে।

আবার আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ নিয়ে তুমুল আলোচনায় এসেছিলেন ঘানার এত তান্ত্রিক। যদিও শেষ পর্যন্ত তার কথাকেও ভুল প্রমাণ করে কেপ ভার্দেকে হারিয়েছে আর্জেন্টিনা। তবে, এই জয়টি পেতে আর্জেন্টিনাকে বেশ ঘামই ঝরাতে হয়েছে। সে সেঙ্গ অপটা কিংবা সুপার কম্পিউটারের নানা বিশ্লেষণের পর করা ভবিষ্যদ্বাণী নিয়েও মানুষের তুমুল আগ্রহ দেখা যাচ্ছে।

সাইকিক বিড়াল মিলু

ঘানার তান্ত্রিক বা জার্মানির গণিতবীদ- এদের ছাপিয়ে জনপ্রিয় হয়ে উঠেছে একটি বিড়াল। ব্রাজিলের এই ‘সাইকিক বিড়াল’টির নাম মিলু। এবারের বিশ্বকাপে তুমুল আলোচনার জন্ম দিয়েছে এই বিড়ালটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠা এই বিড়ালটি খাবারের বাটি বেছে নিয়ে ম্যাচের ফল ‘ভবিষ্যদ্বাণী’ করে থাকে। যদিও কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় ৩-২ জয়ের ম্যাচে প্রথমবারের মতো তার পূর্বাভাস ভুল প্রমাণিত হয়েছে, তবুও ব্রাজিল সমর্থকদের আশার কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে মিলু। এবার তার ভবিষ্যদ্বাণী- নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল।

রাউন্ড অব ১৬-এ রোববার আজ রাত ২টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। বাংলাদেশ সময় রাতের এই ম্যাচ নিয়েই এখন আলোচনায় মিলুর নতুন ‘ভবিষ্যদ্বাণী’। উল্লেখ্য, আগামী ১৯ জুলাই একই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল।

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে মিলু কেপ ভার্দের জয় বেছে নিয়েছিল। কিন্তু অতিরিক্ত সময়ের রোমাঞ্চ শেষে লিওনেল মেসির আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে জয় তুলে নেয়। ফলে বিশ্বকাপে এবার প্রথমবারের মতো ভুল হলো মিলুর পূর্বাভাস।

তবে ব্রাজিলের ম্যাচে এখন পর্যন্ত তার রেকর্ড শতভাগ। সেলেসাওদের আগের সব ম্যাচেই মিলুর বেছে নেওয়া দলই শেষ পর্যন্ত জয় পেয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরাও বেশ মজা করছেন। এক সমর্থক লিখেছেন, ‘জাপানের বিপক্ষে ব্রাজিল এক গোল হজম করার পরও আমি সবাইকে বলেছিলাম, চিন্তা করো না, মিলু বলেছে ব্রাজিল জিতবে। শেষ পর্যন্ত সেটাই হয়েছে।’

Cat

মিলুর মালিক নাতান পিনহেইরো জানান, পুরো প্রক্রিয়াটি খুবই সহজ। তিনি দুটি একেবারে একই ধরনের প্লাস্টিকের বাটিতে খাবার রাখেন। পার্থক্য শুধু বাটির গায়ে লাগানো দুটি দেশের পতাকা। এরপর মিলুকে ছেড়ে দেওয়া হয়, আর সে যে বাটির সামনে গিয়ে খেতে শুরু করে, সেই দলকেই সম্ভাব্য বিজয়ী হিসেবে ধরা হয়।

তবে এই পদ্ধতি নিয়ে সমালোচনাও কম হয়নি। অনেকেই অভিযোগ তুলেছিলেন, নাতান নাকি এমনভাবে বাটি সাজান যাতে মিলু সব সময় ব্রাজিলের পতাকাওয়ালা বাটিই বেছে নেয়। সেই অভিযোগের জবাবে তিনি পুরো ভিডিও ধারণের পেছনের প্রক্রিয়া প্রকাশ করেন। সেখানে দেখানো হয়, কিভাবে দুটি বাটিই একইভাবে প্রস্তুত করা হয় এবং কোনো ধরনের কারসাজি ছাড়াই মিলু নিজের পছন্দমতো একটি বেছে নেয়।

এখন দেখার বিষয়, আর্জেন্টিনা ম্যাচে ভুল করার পর মিলু কি আবারও নিজের ‘খ্যাতি’ ফিরে পায়। নাকি নরওয়ে ব্রাজিলকে হারিয়ে এই আলোচিত ‘সাইকিক ক্যাট’-এর ভবিষ্যদ্বাণীকে টানা দ্বিতীয়বারের মতো ভুল প্রমাণ করে!

প্রযুক্তি ও অপ্টা সুপারকম্পিউটার

ডেটাভিত্তিক পূর্বাভাসে অপ্টা সুপারকম্পিউটার জানিয়েছে, ব্রাজিল-নরওয়ের মধ্যকার ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩.৬% এবং নরওয়ের জয়ের সম্ভাবনা ২২.৪%। তবে মাইক্রোসফট কোপাইলটের পূর্বাভাসে ৪-২ গোলে ব্রাজিলের জয় দেখানো হয়েছে।

ক্রিস সাটন

বিখ্যাত ফুটবল বিশেষজ্ঞ, বিবিসি স্পোর্টের ফুটবল বিশ্লেষক ক্রিস সাটন সম্পূর্ণ ভিন্ন পূর্বাভাস দিয়েছেন। তার মতে, নির্ধারিত ও অতিরিক্ত সময়ে খেলা ২-২ সমতায় থাকবে। এরপর টাইব্রেকারে জিতে নরওয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে বলে তিনি ধারণা করছেন। তার বিশ্বাস, নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিয়ল্যান্ড টাইব্রেকারে দলের নায়ক হয়ে উঠবেন।

আইএইচএস/