পিছিয়ে থেকে ৩-২ গোলের জয়—আটলান্টায় গত রাতে শেষ ষোলোর ম্যাচে অবিশ্বাস্য জয়ের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত আর্জেন্টিনা ফুটবল দল। লিওনেল মেসিকে কাঁধে তুলে উদযাপন করেছেন সতীর্থরা। কিন্তু ৩-২ গোলের ফল যে সব কিছু না, সেটা গত রাতে যাঁরা ম্যাচ দেখেছেন, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ম্যাচের একেবারে শেষভাগে এসে রেফারির সঙ্গে কথা কাটাকাটি হয় মিসরের কোচিং স্টাফদের।
মিসরের দুই কোচ হোসাম হাসান ও ইব্রাহিম হাসানের সঙ্গে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের বাকবিতণ্ডা শুধু এখানেই থেমে থাকেননি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, লিওনেল স্কালোনি ম্যাচ শেষে দ্রুত গতিতে একাই ড্রেসিংরুমের দিকে যাচ্ছিলেন। ভিড়ের মধ্য দিয়ে যাওয়ার পর স্কালোনি পাশ কাটিয়ে যান সহকারী কোচ ইবরাহিমকে। তখনই তাঁকে (স্কালোনি) খুব কাছ থেকে দেখতে পান হোসাম। হোসাম, ইবরাহিম দুজনই ক্ষুব্ধ অবস্থায় থাকায় স্কালোনি তাঁদের পাশ কাটিয়ে চলে যান।
স্কালোনি চলে গেলেও থেমে থাকেননি হোসাম। আর্জেন্টিনার কোচের পিছু নিতে থাকেন মিসরের কোচ। স্কালোনির দিকে তাকিয়ে উচ্চস্বরে কিছু বলতে থাকেন হোসাম। মিসরের কোচ অপেক্ষায় ছিলেন স্কালোনি কোনো প্রতিক্রিয়া দেখান কি না। তা দেখার জন্য। আর্জেন্টাইন কোচ তাতে বিচলিত না হয়ে নিজের মতো এগোতে থাকেন। এতে ক্ষুব্ধ হয়ে হোসামের মিসরীয় সহকর্মী পেছন থেকে উল্টাপাল্টা বলতে থাকেন স্কালোনির উদ্দেশ্যে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কায় উপস্থিত ব্যক্তিরা চিন্তিত হয়ে পড়েন এবং একজন দ্রুত ছুটে এসে দুজনের (স্কালোনি-হোসাম) মাঝখানে দাঁড়ানোর চেষ্টা করেন।
যে ব্যক্তি ভিডিও করছিলেন, তাঁর মোবাইল ফোনের ক্যামেরা জুম করা হলে হোসানের উদ্ধত আচরণ আরও স্পষ্টভাবে দেখা যায়। তবে স্কালোনির প্রতিক্রিয়া পুরোপুরি দেখা যায়নি। কারণ, ভিডিও শেষ হয়ে গিয়েছিল। আর্জেন্টিনা ও মিসরের কোচদের বাকবিতণ্ডা নিয়ে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস প্রতিবেদন থেকে জানা যায়, স্কালোনি সম্ভবত উল্টো দিকে ফিরে যাচ্ছিলেন।
হারের পর মিসরের কোচ হোসাম ও ফরোয়ার্ড জিকো ক্ষোভ ঝেড়েছেন। হোসাম বলেন, ‘আমার একটি গোল বাতিল করা হয়েছে। আমি জানি না কেন। এটা ন্যায্য নয়। মনে হচ্ছে মেসিকে টুর্নামেন্টে এগিয়ে রাখার একটা ইচ্ছা আছে; এখানে বিপণনের বিষয়ও রয়েছে। হয়তো তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। রেফারি মিসর জাতীয় দলের প্রতি অবিচার করেছেন। তবে ফুটবলের বাইরেও অন্য কিছু বিষয় ছিল, যেগুলো এই হারের কারণ হয়েছে।’
এমনকি ম্যাচের আগে আর্জেন্টিনা ফরাসি রেফারি লেতেক্সিয়ার ওপর চাপ সৃষ্টি করেছিলেন বলে অভিযোগ করেন মিসরের কোচ হোসাম। ফরোয়ার্ড জিকো বলেন, ‘রেফারি (ন্যায্য নন) একটি পুরো দেশের পরিশ্রম নষ্ট করে দিচ্ছেন। তিনি আমাদের লক্ষ্য করছেন, কারণ আমরা যাতে আর্জেন্টিনাকে হারাতে না পারি! একটি সাজানো টুর্নামেন্ট। এই কাপটা আর্জেন্টিনার জন্যই নির্ধারিত।’
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে। ভ্যাঙ্কুভারে গত রাতে কলম্বিয়াকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে সুইসরা। ১২ জুলাই কানসাসে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালের ম্যাচ।








