দেশের প্রেক্ষাগৃহগুলোতে মানসম্মত সিনেমার সংকট এবং দর্শক খরা কাটাতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে কেরানীগঞ্জের লায়ন সিনেমাস ও বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। দর্শকদের আবার সিনেমা হলে ফেরাতে চলমান ফুটবল বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো বড় পর্দায় সরাসরি সম্প্রচার করছে দুটি প্রেক্ষাগৃহ।
ইতোমধ্যে লায়ন সিনেমাসে বিশ্বকাপের একাধিক ম্যাচ প্রদর্শন করা হয়েছে। হল কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগে দর্শকদের ব্যাপক সাড়া মিলছে। ফুটবলপ্রেমীদের আগ্রহ এতটাই বেশি যে অনেকেই বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের নিয়ে খেলা দেখতে একসঙ্গে ১০ থেকে ১৫টি পর্যন্ত টিকিট কিনছেন।
লায়ন সিনেমাসের চারটি স্ক্রিনেই বিশ্বকাপের ম্যাচ দেখানো হচ্ছে। কর্তৃপক্ষের দাবি, প্রতিটি ম্যাচের শো প্রায় হাউজফুল যাচ্ছে। খেলা দেখতে আসা এক দর্শক বলেন, বড় পর্দায় একসঙ্গে শত শত সমর্থকের সঙ্গে খেলা দেখার অভিজ্ঞতা ভিন্নরকম, তাই বন্ধুদের নিয়ে আগেভাগেই একাধিক টিকিট কেটে রেখেছেন।
এদিকে মঙ্গলবার আর্জেন্টিনা-মিশর ম্যাচ দিয়ে বড় পর্দায় বিশ্বকাপ সম্প্রচার শুরু করেছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সায়েখউজ্জামান জানান, সাম্প্রতিক সময়ে সিনেমা হলে দর্শক উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে গেছে। একটি সিনেমার শোতে মাত্র ১০ জন দর্শক হওয়ায় বড় ধরনের লোকসান গুনতে হয়েছে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেই বিশ্বকাপের ম্যাচ প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, ম্যাচ দেখার জন্য টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০ ও ২০০ টাকা। দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিললে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচও বড় পর্দায় প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।
এমআই/এলআইএ








