শেষ ষোলোর পর কোয়ার্টার ফাইনালের পালা। বোস্টনে আগামীকাল বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ফ্রান্স-মরক্কো। এই ম্যাচ মাঠে গড়ানোর আগেই আলোচনায় আর্জেন্টিনা। অনেকেই হয়তো মনে করতে পারেন তুমুল আলোচিত-সমালোচিত আর্জেন্টিনা-মিসর ম্যাচের প্রভাব কি পড়ছে শেষ আটের প্রথম ম্যাচের ওপর? আসলে এখানে ব্যাপারটা অন্য কিছু।

ফিফা গতকাল এক বিবৃতিতে ফ্রান্স-মরক্কো ম্যাচের পাঁচ রেফারির নাম ঘোষণা করেছে। এই পাঁচজনের প্রত্যেকেই আর্জেন্টাইন। প্রধান রেফারি থাকছেন ফাকুন্দো তেলো। তেলোর সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল শেড। চতুর্থ রেফারির দায়িত্বে থাকছেন দারিও এরেরা। আর রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকছেন ক্রিস্টিয়ান নাভারো।

একটা দেশ থেকেই কেন সব রেফারি থাকছেন, তা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে হইচই। তবে ভক্ত-সমর্থকেরা শোরগোল তুললেও ফুটবলাররা সেটাকে খেলার অংশই মনে করছেন। মরক্কো ম্যাচের আগে ফ্রান্সের গোলরক্ষক রবিন রিসার বলেন, ‘সবশেষ বিশ্বকাপ ফাইনালের পর থেকে কয়েক বছর ধরে কিছুটা তিক্ততা রয়েছে। তবে এটা খেলাধুলারই একটি অংশ। এই রেফারিরা যদি এখানে দায়িত্ব পেয়ে থাকেন, তাহলে সেটা তাঁরা যোগ্যতা বলেই পেয়েছেন।’

ফ্রান্সের ডিফেন্ডার দায়ো উপামেকানো আর্জেন্টাইন রেফারিং দলকে নিয়ে চলা আলোচনা উড়িয়ে দিয়েছেন। রেফারির বিষয়টি বাদ দিয়ে মরক্কোর বিপক্ষে কৌশলগত বিষয়টিকেই বেশি গুরুত্ব দিচ্ছে ফ্রান্স। উপামেকানো বলেন, ‘রেফারি কে হবেন, সেটা নিয়ে আমি মোটেও ভাবছি না। আমরা আগে কখনোই এসব নিয়ে মাথা ঘামাইনি। আমাদের পুরো মনোযোগ মরক্কোর বিপক্ষের ম্যাচেই থাকবে।’

সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। মূল ম্যাচ ৩-৩ গোলে ড্রয়ে হয়েছিল। কিলিয়ান এমবাপ্পে হ্যাটট্রিক করেছিলেন শিরোপা নির্ধারণী ফাইনালে। তবে ৮ গোল করে গোল্ডেন বুটের পুরস্কার জিতলেও রানার্সআপ হওয়ার হতাশা ঘিরে ধরে এমবাপ্পে।

২০২২ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ফ্রান্স-মরক্কো। এবার দল দুটি কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হচ্ছে। আর গত বিশ্বকাপের ফর্মটা এমবাপ্পে টেনে এনেছেন এবারও। এখন পর্যন্ত তিনি ৭ গোল করেছেন। তাঁর সমান ৭ গোল করেছেন নরওয়ের আর্লিং হালান্ড। তাঁর দল কোয়ার্টার ফাইনালে খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। আর ৮ গোল করে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি।