বিশ্বকাপে আর্জেন্টিনার জয় এবং মেসির দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে যখন সামাজিক যোগাযোগমাধ্যম সরব, তখন আলোচনায় এসেছে দেশের অভিনয়শিল্পীদের ফেসবুক পোস্ট। ব্রাজিল সমর্থক তারকাদের ফেসবুক পোস্ট যেমন নজড় কেড়েছে, তেমনি ফেসবুকে পাল্টা উত্তরে পিছিয়ে নেই আর্জেন্টিনার সমর্থকেরা। আর্জেন্টিনার ম্যাচ শেষে তাঁদের ফেসবুক পোস্টে দেখা গেছে ভিন্ন চিত্র।
ব্রাজিল সমর্থক অভিনেতা আবদুন নুর সজল। তিনি খেলার সৌন্দর্যকে প্রাধান্য দিয়ে লিখেছেন, ‘আমি ব্রাজিল সাপোর্টার, কিন্তু সুন্দর ফুটবলের প্রশংসা করতে কার্পণ্য করি না। মেসির পায়ের জাদু আর আর্জেন্টিনার আজকের জয়টার জন্য অভিনন্দন!’ তাঁর এই মন্তব্য ফুটবলপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে।
অন্যদিকে আর্জেন্টিনা সমর্থক ইরফান সাজ্জাদ নিজের স্বভাবসুলভ রসিকতায় লিখেছেন, ‘লাস্ট ম্যাচে পেনাল্টি পাওয়ার পরও গোল দিতে পারে নাই দেখে এখন এই ছেলেটাকে ফিফা ফ্রি–কিক দেওয়া শুরু করেছে! এই ছেলেটা আবার ফ্রি–কিকে পেনাল্টি থেকে ভালো গোল করে! এভাবেই ছেলেটাকে গোল্ডেন বুট দিয়ে দিবে ফিফা, তীব্র প্রতিবাদ জানাই।’
অবশ্য ইরফানের পোস্টটি যে নিছকই হাস্যরসের, সেটি তাঁর অনুসারীরাও মন্তব্যে উল্লেখ করেছেন। কেউ কেউ মজা করে লিখেছেন, ‘প্রতিবাদ গ্রহণ করা হলো না’, আবার কেউ বলেন, ‘মেসির ফ্রি–কিক ঠেকানোর উপায় নেই।’

বাংলাদেশে ব্রাজিল–আর্জেন্টিনা সমর্থকদের খুনসুটি নতুন নয়। বড় টুর্নামেন্ট এলেই তারকাদের এমন মজার পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। এবারও তার ব্যতিক্রম হলো না।
খেলার শেষে আরেক অভিনেত্রী মোনালিসা মজার ছলে পোস্ট করেছেন। তিনি মূলত ব্রাজিল সমর্থক। এই অভিনেত্রী লিখেছেন, ‘ধাঁধা, বলতে হবে বিশ্বকাপের কোন দল প্রতি খেলায় পেনাল্টি পায়।’
‘ব্রাজিল কি চাপে আছে?’
আনিসুল ইসলাম নামের এক ভক্ত সেখানে মন্তব্যে লিখেছেন, ‘ব্রাজিল সমর্থক হলেও আমার বলতে দ্বিধা নেই মেসির মতো ফুটবল জিনিয়াস অদূর ভবিষ্যতে আসার আর সম্ভবনা নেই!’ তাঁর পোস্টে রায়ান হক নামের একজনের মন্তব্য, ‘ইরফান সাজ্জাদ আপনি ব্রাজিলের সমর্থক।’
অভিনেত্রী অহনা রহমান আর্জেন্টিনার সমর্থক। তিনি লিখেছেন, ‘কিছু লিখতে চাই নাই। কিন্তু ফেসবুক দেখতে দেখতে মনে হলো যে আর্জেন্টিনা জিতলেও দোষ আর হারলে তো ব্রাজিলদের খুশিতে রাস্তায় নামা যেত না। যাক বাবা, জিতে তো গেলাম। লাভ ইউ মেসি।’







