সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফাটল ও ধস দেখা দেওয়ায় দুই ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত করা না হলে বাঁধ ভেঙে বড়দল ও খাজরা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা লবণাক্ত পানিতে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, বড়দল ও খাজরা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধটির নিচের অংশের মাটি সরে নদীতে চলে গেছে। বাইরে থেকে ফাটল দেখা গেলেও ভেতরের অংশে বড় ধরনের ধস তৈরি হয়েছে। ফলে নদীতে জোয়ারের চাপ বাড়লে বাঁধটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে।

বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ ভেঙে গেলে বড়দল, দক্ষিণ বড়দল, পাঁচপোতা, বাইনতলা, খাজরা ও লাউতাড়াসহ আশপাশের প্রায় ২০টি গ্রামে নদীর পানি ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। এতে ঘরবাড়ি, কৃষিজমি, মাছের ঘের ও স্থানীয় যোগাযোগব্যবস্থা মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে।

এলাকাবাসীর দাবি, গত বছরও লবণাক্ত পানি প্রবেশ করায় প্রায় ১০ হাজার বিঘা জমিতে আমন ধানের আবাদ ব্যাহত হয়েছিল। এবার বাঁধ ভাঙলে আগের তুলনায় আরও বড় ক্ষয়ক্ষতি হতে পারে।

আরও পড়ুন

নওগাঁয় স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় সাংবাদিককে মামলার হুমকি

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রাশিদুল ইসলাম বলেন, বাঁধের ভাঙন ও ফাটলের অবস্থা সম্পর্কে তারা অবগত হয়েছেন। দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুণ্ডু জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এদিকে সম্ভাব্য দুর্যোগ এড়াতে দ্রুত বাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, জোয়ারের চাপ বাড়ার আগেই কার্যকর পদক্ষেপ না নিলে বড়দল ও খাজরা ইউনিয়নের বহু মানুষ নতুন করে জলাবদ্ধতা ও লবণাক্ততার সংকটে পড়তে পারেন।

আহসানুর রহমান রাজীব/এনএইচআর/এএসএম