ঢাকার বনানী থানার অস্ত্র আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৩ আগস্ট দিন ধার্য করা হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মঈন উদ্দিন চৌধুরী শুনানির নতুন তারিখ ধার্য করেন।
আজ অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। আনিসুল হককে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। কিন্তু আনিসুল হকের আইনজীবী মো. সুমন হোসাইন শুনানি পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করেন।
আবেদনে আইনজীবী বলেন, মামলায় নিযুক্ত জ্যেষ্ঠ আইনজীবী আকস্মিক অসুস্থ হয়ে পড়ায় আদালতে উপস্থিত থাকতে পারেননি। ফলে অভিযোগ গঠনের শুনানির প্রস্তুতি সম্পন্ন করতে অতিরিক্ত সময় প্রয়োজন।
শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী গোলাম নবী বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছর ২৪ মে বনানী থানায় অস্ত্র মামলাটি দায়ের করেন ওই থানার এসআই মো. জানে আলম দুলাল।
মামলায় বলা হয়েছে, আনিসুল হক বনানী থানার অধীনে নিজের নামে লাইসেন্সপ্রাপ্ত একটি পিস্তলের মালিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেওয়া সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয়।
কিন্তু আনিসুল হক ২০২৫ সালের ৫ মে পর্যন্ত তার লাইসেন্সকৃত অস্ত্রটি থানায় জমা দেননি বা থানাকে অবহিতও করেননি। তার ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি এবং অস্ত্র জমা সম্পর্কে কোনো তথ্য মেলেনি। তিনি গুলি কিনেছেন, এমন তথ্যও পাওয়া যায়নি।
ফলে তিনি ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (১) ধারায় অপরাধ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়। সম্প্রতি এবং অভিযোগপত্র দেওয়ার পর মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে বদলি করা হয়।
উল্লেখ্য, গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৮ দিনের মাথায় ২০২৪ সালের ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বিভিন্ন হত্যা, হত্যাচেষ্টা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।








