সাভারের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে ওই যুবকের বাম হাতের চারটি আঙুল উড়ে গেছে।
শনিবার (১১ জুলাই) বিকাল ৫টার দিকে আশুলিয়া থানার ভাদাইল পাবনারটেক পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রনি পশ্চিমপাড়া এলাকায় ইমরানের বাড়িতে থেকে কেয়ারটেকারের কাজ করেন। প্রায় আট বছর ওই বাড়িতে আছেন তিনি।
স্থানীয়দের বরাতে আশুলিয়া থানা পুলিশ জানায়, শনিবার বিকেল ৫টার দিকে রনির থাকার ঘর থেকে বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে তারা সেখানে গিয়ে রনিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। রনির বাম হাতের আঙুলসহ কবজি পর্যন্ত রক্তাক্ত ছিল। ঘটনার সময় ঘরে রনি একাই ছিলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, রনি ককটেল তৈরির চেষ্টা করলে বিস্ফোরণে সে গুরুতর আহত হয়। বিস্ফোরণের তীব্রতায় রনির বাম হাতের চারটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলের আলামত দেখে ককটেলের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘটনাস্থলে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সদস্যরা যাবেন বলেও তিনি জানান।
আহত ব্যক্তিকে কোন হাসপাতালে নেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাকে ঢাকা নেওয়া হয়েছে, এতটুকু জানি। কোন হাসপাতালে নেওয়া হয়েছে নিশ্চিত হতে পারিনি।








