দেড় বছর পর আশুলিয়ার জনি হত্যা মামলার রহস্য উন্মোচন করার পর দুজনকে গ্রেফতার করা হয়েছে। মাদকের টাকা ভাগবাঁটোয়ারা নিয়ে এই হত্যাকাণ্ড ঘটছিল বলে পিবিআই জানিয়েছে। জানা যায়, আশুলিয়ায় দেড় বছর আগে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া হাসিবুল ইসলাম জনি (২১) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে পিবিআই ঢাকা এ ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে। তাদের একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গ্রেফতারকৃতরা হলো, শাহ জালাল সরকার ও সাইফুল ইসলাম। বৃহস্পতিবার উত্তরা ১৩ নম্বর সেক্টরে অবস্থিত পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এমএন মোর্শেদ। তিনি জানান, ২০২৪ সালের ১২ ডিসেম্বর রাতে আশুলিয়ার মধুপুর উত্তরপাড়ায় অজ্ঞাতনামা আসামিরা মারধর করে হাসিবুল ইসলাম জনিকে হত্যা করে। এরপর লাশ গুম করার উদ্দেশ্যে পুকুরে ফেলে দেয়। ঘটনার চার দিন পর পুকুরে লাশ ভেসে উঠলে আশুলিয়া থানা পুলিশ তা উদ্ধার করে। এ ঘটনায় জনির বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় ৮/১০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে পিবিআই স্ব-উদ্যোগে মামলাটি অধিগ্রহণ করে এবং ছায়া তদন্ত শুরু করে। পিবিআই-এর তদন্ত ও আসামিদের স্বীকারোক্তি থেকে জানা যায়, এই হত্যাকাণ্ডের পেছনে ছিল মাদক ব্যবসার বিরোধ ও ক্ষোভ। ঘটনার দিন ভিকটিম জনি এবং তার দুই বন্ধু সোহাগ ও রানা ঘটনাস্থলে মাদক সেবন ও বিক্রি করছিলেন। মাদক ব্যবসাকে কেন্দ্র করে গ্রেফতারকৃত শাহ জালাল সরকার ও সাইফুল ইসলামসহ অন্য আসামিরা লাঠিসোটা নিয়ে সেখানে চড়াও হয়।