পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় অভিযান চালিয়ে ৭ কেজি ওজনের একটি কষ্টিপাথরসহ ২ ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার রাধাকৃষ্ণ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন- উপজেলার মো. দুলাল হোসেন (৩৬) ও মো. কলিম উদ্দিন (৪০)। পাথরটির পাশাপাশি তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খ. আখলাকুর রহমানের নেতৃত্বে বিশেষ টহল দল ও বর্ষালুপাড়া বিওপির সদস্যরা এই যৌথ অভিযান চালান। সীমান্ত পিলার ৩৯৬/৫-আর থেকে প্রায় ৪০০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে রাধাকৃষ্ণ বাজার এলাকায় তাদের আটক করা হয়।বিজিবি আরও জানায়, উদ্ধার হওয়া কষ্টিপাথরটির ওজন ৭ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ টাকা। জব্দ করা মোটরসাইকেলসহ সব মিলিয়ে উদ্ধার করা মালামালের মোট মূল্য ৮ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা।৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খ. আখলাকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।/