নওগাঁর বদলগাছী উপজেলার গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার একমাত্র পথটি এখন পানির নিচে। সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে যাওয়ায় প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছে বিদ্যালয়ের ১৩২ জন শিক্ষার্থী। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, খুদে শিক্ষার্থীরা হাতে জুতা আর কাঁধে স্কুলব্যাগ নিয়ে কোনোমতে পানি পেরিয়ে বাড়ি ফিরছে। কারও পোশাক ভেজা, কারও হাত-পা কাদায় মাখামাখি।উপজেলা সদর থেকে খুব বেশি দূরে না হলেও বর্ষাকালে বিদ্যালয়টিতে পৌঁছানো এক কঠিন লড়াইয়ে পরিণত হয়। বই-খাতা ভিজে যাওয়ার ভয়ে অনেক শিশু ব্যাগ মাথার ওপরে তুলে পথ পাড়ি দিচ্ছে। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, বছরের পর বছর ধরে এই অবস্থা চললেও স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে শিক্ষার্থীদের পোশাক নষ্ট হওয়ার পাশাপাশি বাড়ছে পানিবাহিত রোগের ঝুঁকি।বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়া বিদ্যালয়ের পুকুরসংলগ্ন একটি ভবনও ঝুঁকির মুখে রয়েছে। সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, “শিক্ষার্থীরা প্রতিকূলতা উপেক্ষা করে স্কুলে আসছে। কিন্তু নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, “শিশুরা খুব কষ্ট করছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা গাবনাসহ ৩৪টি বিদ্যালয়ের রাস্তা নির্মাণের চাহিদা ইউএনও অফিসে পাঠিয়েছি।”এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতার বিষয়টি তার নজরে এসেছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। তবে আশ্বাসের পরিবর্তে দ্রুত কার্যকর সমাধান দেখতে চান শিক্ষার্থী ও অভিভাবকেরা।/