বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে সদর উপজেলার হাঁড়িখালী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিজাম উদ্দিন শান্ত সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে ও বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, নিজামের বাবা তোরাব আলী এক মাস আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। এর আগে তিনি মা ও স্ত্রীকে হারান। বর্তমানে তার দ্বিতীয় স্ত্রী ও তিনটি কন্যাসন্তান রয়েছে।
বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. সামসুল আরেফিন বলেন, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তরা ওই আইনজীবীকে ছুরিকাঘাত করে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও স্থানীয়দের ফোনে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।








