বাগেরহাটের ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন আউটসোর্সিং কর্মচারীরা। বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরতদের সঙ্গে কথা বলেন তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার। এ সময় হাসপাতালের অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
তত্ত্বাবধায়ক ও অন্যান্য চিকিৎসকরা আন্দোলনরতদের বুঝিয়ে বলেন। নতুন নিয়োগপ্রাপ্তরা যোগদান করবে না এমন আশ্বাস দেন। হাসপাতালের সেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে দুই বছর ধরে কাজ করে আসা আন্দোলনরত কর্মচারীদের কাজে ফেরার নির্দেশ দেন তত্ত্বাবধায়ক। তত্ত্বাবধায়কের এই আশ্বাসে আন্দোলনরতরা প্রশাসনিক ভবনের তালা খুলে দেন।
নতুনদের যোগদান করালে এবং পুরাতনদের কাজ থেকে বাদ দিলে আবারও আন্দোলন করা হবে বলেও জানান আন্দোলনরত কর্মচারীরা। প্রশাসনিক ভবন এবং চিকিৎসকদের সকল কক্ষ খোলা থাকলেও পুরাতনদের আবারও চাকরিতে বহালের আদেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালের প্রধান সহকারী মোহিতুর রহমানের কক্ষ তালা দেওয়া থাকবে বলে জানান তারা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, জটিলতা এড়াতে নতুনদের যোগদানে আপাতত বিরত রাখা হয়েছে। আর আন্দোলনরতদের কাজে ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দ্রুত এ সব জটিলতা নিরসন করা হবে বলে আশ্বাস দেয় হাসপাতাল কর্তপক্ষ।
বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, ‘‘নতুন নিযুক্তদের কাজে যোগদানে আপাতত বিরত রাখা হয়েছে। আর আন্দোলনরতদের কাজে ফেরার নির্দেশনা দিয়েছি। উর্ধ্বতন কর্তৃপক্ষকে সার্বিক বিষয়ে লিখিত ও মৌখিকভাবে অবহিত করা হয়েছে।’’
তিনি আরও বলেন, আন্দোলনরত কর্মীরা দুই বছর হাসপাতালে সেবা দিচ্ছে। তাদের বিষয়ে যাতে ইতিবাচক সিদ্ধান্ত আসে, সেজন্য তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন বলে জানান।








