পটুয়াখালীর কলাপাড়ায় বাক্‌প্রতিবন্ধী এক নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত ও আজ শুক্রবার সকালে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতী বাজারে দুই দফায় এই সংঘর্ষ হয়। এ ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য বানাতী বাজারের দোকানপাট বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বানাতী বাজারের একটি সেলুনের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন বাক্‌প্রতিবন্ধী এক নারী। এ সময় রমনী (৪০) নামের এক ব্যক্তি ওই নারীর হাত ধরে টেনে সেলুনের ভেতরে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি কয়েকজন ব্যবসায়ী দেখে ফেললে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

পরে রাত ১০টার দিকে বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় ব্যবসায়ীরা বৈঠকে বসেন। সেখানে অভিযুক্ত ব্যক্তিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁকে জিম্মায় নেওয়ার আগ্রহ প্রকাশ করেন স্থানীয় ব্যবসায়ী জুয়েল। এ নিয়ে বানাতী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুবেল হাওলাদারের সঙ্গে জুয়েলের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মারামারিতে রুবেল হাওলাদারসহ ২-৩ জন আহত হন।

এ ঘটনার বিচার দাবিতে আজ সকালে ব্যবসায়ীরা বাজারের প্রায় ৩৫০টি দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভে নামেন। এ সময় ফের ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে জুয়েল, জুবায়ের, ইমরান, মনির ও কামালসহ অন্তত ৮ জন আহত হন।

সংঘর্ষের ঘটনায় বাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরবর্তী পরিস্থিতি বিবেচনায় বানাতী বাজারের সব দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।

বানাতী বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা হেমায়েত উদ্দিন হিরন বলেন, পুরো ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ থাকবে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।