মানিকগঞ্জের ঘিওরে ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. জুবায়ের (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী মো. ইসরাফিল (১৭)। আজ শুক্রবার দুপুরে উপজেলার পুখরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুবায়ের মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা গ্রামের বাসিন্দা। আহত ইসরাফিল টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ষাটরাগান্দী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জুবায়ের ও ইসরাফিল মোটরসাইকেলে করে শিবালয়ের দিকে যাচ্ছিলেন। দুপুরে পুখরিয়া এলাকায় পৌঁছালে পাটুরিয়া থেকে ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। বাসের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক জুবায়েরের মৃত্যু হয়। ইসরাফিল আহত হন।
স্থানীয় লোকজন আহত ইসরাফিলকে উদ্ধার করে চিকিৎসার জন্য মানিকগঞ্জে পাঠান।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, ‘দুর্ঘটনায় একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’








