পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীর তীরে বন বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে নৌকাডুবির ঘটনায় জাহাঙ্গীর হোসেন ওরফে নবাব (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দীর্ঘ চার ঘণ্টার অনুসন্ধানের পর স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বুধবার সকাল ৯টায় পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা এলাকায় বন বিভাগের নদী-তীরবর্তী চরাঞ্চলে বৃক্ষরোপণের জন্য একটি ইঞ্জিনচালিত নৌকায় বন বিভাগের সদস্য ও ১২ জন শ্রমিক ঘটনাস্থলে যাচ্ছিলেন। পথে হঠাৎ ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
নৌকাডুবির পর নৌকায় থাকা অন্য সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জাহাঙ্গীর হোসেন ওরফে নবাব নিখোঁজ হন। পরে স্থানীয় বাসিন্দা, জেলেসহ উদ্ধারকারীরা প্রায় চার ঘণ্টা ব্যাপক অনুসন্ধান চালিয়ে বিকাল ৩টার দিকে স্থানীয় একটি ঘোপ জালে তার লাশ উদ্ধার করেন।
জাহাঙ্গীর হোসেন ওরফে নবাবের বাড়ি পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে। তবে দীর্ঘদিন ধরে তিনি সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাদুরতলা এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য স্বজন-শুভাকাক্সক্ষী রেখে গেছেন।


