খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১২টায় নগরীর জাতিসংঘ শিশু পার্কের পশ্চিম পাশে জলিলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এক পথচারী বলেন, কাজ শেষে প্রতিদিন রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত জলিলের দোকানের পাশে চেয়ার নিয়ে কয়েক সাংবাদিক আড্ডা দেন। ওই সময়ও ৬ সাংবাদিক গল্প করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলযোগে আসা দুই যুবক তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
এসএ টিভির সাংবাদিক মতি বলেন, একটি গুলি চেয়ারে বিদ্ধ হয় এবং চেয়ারটি ক্ষতিগ্রস্ত হয়। পরপরই পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে দ্রুত পুলিশ আসে। দৈনিক খুলনাঞ্চলের সিনিয়র স্টাফ রিপোর্টার সৈয়দ রানা কবির বলেন, দুর্বৃত্তের ছোড়া গুলিটি চেয়ারে বিদ্ধ হয়। এর একটি স্পিন্টার সাংবাদিক আওয়ালের বুকে লেগে কিছু অংশ ছিলে যায়। তিনি সুস্থ আছেন।
কেএমপি কমিশনার জাহিদুল ইসলাম বলেন, এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা অনুসন্ধানে পুলিশ কাজ করছে। ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
এদিকে এমইউজে খুলনার কোষাধ্যক্ষ ও এসএ টিভির খুলনা বিভাগীয় প্রধান রকিবুল ইসলাম মতিসহ চার সাংবাদিককে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বুধবার দুপুর ১২টায় খুলনা প্রেস ক্লাবের সামনে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।


