চট্টগ্রামে ইন্টারনেট সেবা প্রদানকারী একটি অফিসে হামলার ঘটনায় জড়িত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ও বুধবার নগরী এবং জেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে মূলহোতা ২ কোটি টাকা চাঁদা দাবিকারী শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেফতার করা যায়নি। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সিএমপির অতিরিক্ত কমিশনার ফয়সাল আহমেদ।
বুধবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্রেফতার আটজন হলেন-মো. ইউনুস, ইমরান হোসেন চ্যাং, আকবর হোসেন, মো. সুমন, মো. মনির ওরফে কেহেরমান, গিয়াস উদ্দিন, মো. নয়ন ও আবদুল নাহিদ ওরফে ফরহাদ। এর মধ্যে ইউনুসের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ও মানব পাচারসহ পাঁচটি এবং ইমরানের বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারিসহ এক ডজন মামলা রয়েছে। গ্রেফতারদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
সোমবার নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় ডিজিটাল ডট নেট (ডিডিএন) নামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে ২৫-৩০ জন সশস্ত্র সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও তছনছ করে। ওই প্রতিষ্ঠান থেকে কর্মকর্তা-কর্মচারীদের বেতনের ৩৫ লাখ টাকাও লুট করে নিয়ে গিয়েছিল সন্ত্রাসীরা। পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের অনুসারী মোবারক হোসেন ইমন ওরফে ডেবিড ইমন বিদেশে থেকে প্রতিষ্ঠানটির মালিক আদিল বিন মামুনকে ফোন করে এককালীন ২ কোটি টাকা ও প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। এ জন্য দুদিন সময়ও বেঁধে দেওয়া হয়। সময়সীমা শেষ হওয়ার পরই সোমবার ইন্টারনেট প্রতিষ্ঠানটিতে হামলা ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে চকবাজার থানায় মামলা করা হয়েছিল।


