নেত্রকোনার কেন্দুয়ার নওপাড়ার বহুলী গ্রামে নিখোঁজের একদিন পর স্কুল ছাত্র জুনাইদ আহমেদের (১৩) লাশ পুকুর থেকে উদ্ধার হয়েছে। জুনাইদ আহমেদ বহুলীর দিলোয়ার হোসেনের ছেলে। জুনাইদ নওপাড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে জুনাইদ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার দুপুর ১টার দিকে স্থানীয় লোকজন একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেন। খবর পেয়ে কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম এবং নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সারোয়ার জাহান কাউসার ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
নিহতের পরিবারের দাবি, পূর্বের প্রতিহিংসার জের ধরে পরিকল্পিতভাবে জুনাইদকে হত্যা করা হয়েছে। তাদের অভিযোগ, শ্বাসরোধ করে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেওয়া হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


