বান্দরবানে বন্যার পানিতে ডুবে মো. আবু তাহের (৫৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত আবু তাহের বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লেমুঝিড়ি পাড়ার বাসিন্দা।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে লেমুঝিড়ি এলাকার বন্যার পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন ও সদর থানা পুলিশ।
লেমুঝিড়ি পাড়ার বাসিন্দা ও গ্রাম পুলিশ মো. ইউসুফ জানান, বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় আবু তাহের পায়ে হেঁটে তংপ্রুপাড়া ও লেমুঝিড়ি আগাপাড়া হয়ে বান্দরবান শহরের দিকে যান। পরে রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। সকালে পাড়ার কয়েকজন যুবক বন্যার পানিতে মাছ ধরার সময় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, আবু তাহের আগে একবার স্ট্রোক করেন। এরপর থেকে তিনি শারীরিকভাবে দুর্বল ছিলেন এবং সাঁতারও জানতেন না।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহেদ পারভেজ নিহত পরিবারের বরাতে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তা শনাক্ত করেন।
তিনি বলেন, নিহত পরিবারের ধারণা, বুধবার (৮ জুলাই) রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে বন্যার পানিতে পড়ে তিনি ডুবে মারা যান। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।








