বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ কারণে দেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যতে পারে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে হবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

আজ বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্ক বার্তায় বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ কারণে দেশের সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যতে পারে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে হবে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলরে কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে হবে।

আবহাওয়া অধিদপ্তরের আজ সকালের পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে।

এর আগে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত ৪ জুলাই থেকে টানা আট দিন সারা দেশে ভারী বৃষ্টি হয়। এ সময় বন্দরনগরী চট্টগ্রামে বৃষ্টি হয়েছে ১ হাজার ৪৫৯ দশমিক ১ মিলিমিটার। এর মধ্যে গত ৭ থেকে ৮ জুলাই পর্যন্ত ২৪ ঘণ্টায় এই জেলায় ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। এটি গত ৪২ বছরের মধ্যে বন্দরনগরীতে এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

এর পর গত ১১ থেকে ১২ জুলাই পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ১৭৫ মিলিমিটার বৃষ্টি হয়। এটি ছিল ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড। ২০০৯ সালের ১২ জুলাই ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ৩৩৩ মিলিমিটার।