সোনার গয়না শুধু সৌন্দর্যের প্রতীক নয়, অনেকের কাছে এটি আবেগ, স্মৃতি এবং মূল্যবান সম্পদও। তাই অনেকেই সারাক্ষণ গলায় চেইন, হাতে চুড়ি, আঙুলে আংটি কিংবা কানে দুল পরে থাকেন। এমনকি ঘুমানোর সময়ও গয়না খুলে রাখার প্রয়োজন মনে করেন না। কিন্তু রাতে ঘুমানোর আগে সোনার গয়না খুলে রাখার অভ্যাস ত্বক, শরীর এবং গয়নার উপকারী। তাই রাতে ঘুমানোর সময় কেন গয়না খুলে রাখবেন জেনে নিন-
ত্বকের ওপর অপ্রয়োজনীয় চাপ কমাতে
ঘুমের সময় আমরা অজান্তেই বারবার পাশ ফিরি বা হাত-পা নড়াচড়া করি। এ সময় আংটি, চেইন, বালা বা দুল ত্বকের সঙ্গে ঘর্ষণ তৈরি করতে পারে। দীর্ঘদিন এমন হলে ত্বকে লালচে দাগ, চুলকানি, জ্বালাপোড়া কিংবা অস্বস্তি দেখা দিতে পারে। যাদের ত্বক সংবেদনশীল, তাদের ক্ষেত্রে সমস্যা আরও বেশি হতে পারে।
ঘাম ও ময়লা জমে সংক্রমণের ঝুঁকি বাড়ে
দিনভর গয়না পরে থাকলে এর নিচে ঘাম, তেল, ধুলাবালি এবং মৃত ত্বকের কোষ জমে যায়। রাতে একই গয়না পরে ঘুমালে সেই আর্দ্র পরিবেশে ব্যাকটেরিয়া বা ছত্রাক জন্মানোর ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে বর্ষাকাল বা গরমের দিনে এই ঝুঁকি আরও বেশি থাকে।
সোনার গয়নার সৌন্দর্য ধরে রাখতে ঘুমানোর আগে খুলে রাখুন
গয়নার উজ্জ্বলতা কমে যেতে পারে
ঘুমানোর সময় বালিশ, চাদর বা পোশাকের সঙ্গে বারবার ঘর্ষণের কারণে সোনার গয়নায় সূক্ষ্ম আঁচড় পড়ে যেতে পারে। এতে ধীরে ধীরে গয়নার স্বাভাবিক ঔজ্জ্বল্য কমে যায়। পাথর বসানো গয়না হলে সেটিং ঢিলে হয়ে মূল্যবান পাথর খুলেও যেতে পারে।
চেইন বা দুল ক্ষতিগ্রস্ত হতে পারে
অনেক সময় ঘুমের মধ্যে চেইন বালিশে বা চুলে আটকে যেতে পারে। এতে চেইন বেঁকে যাওয়া, লিংক ছিঁড়ে যাওয়া বা লক নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। একইভাবে বড় দুল কানে চাপ সৃষ্টি করতে পারে বা আটকে গিয়ে কানের লতিতে আঘাত লাগতে পারে।
আঙুলে রক্ত চলাচলে প্রভাব ফেলতে পারে
আঙুলে আংটি পরে ঘুমানোর সময় অনেকের হাত সামান্য ফুলে যেতে পারে। তখন আংটি আরও আঁটসাঁট হয়ে রক্ত চলাচলে সাময়িক বাধা সৃষ্টি করতে পারে। সকালে আংটি খুলতে কষ্ট হওয়া বা আঙুল ফুলে থাকার অভিজ্ঞতা অনেকেরই রয়েছে।
নিরাপত্তার দিক থেকেও গুরুত্বপূর্ণ
ছোট শিশু থাকলে বা পোষা প্রাণী থাকলে ঘুমের সময় গয়না টান লেগে দুর্ঘটনা ঘটতে পারে। আবার চেইন বা ব্রেসলেট কোনো কিছুর সঙ্গে আটকে গিয়েও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে।
আরও পড়ুন
সিঁড়ি ভাঙলেই ক্লান্ত? কারণটা শুধু অলসতা নয়
যা করবেন
ঘুমানোর আগে একটি নির্দিষ্ট জুয়েলারি বক্স বা নরম কাপড়ের পাউচে গয়না খুলে রাখুন। এতে গয়না নিরাপদ থাকবে এবং অপ্রয়োজনীয় ঘর্ষণ থেকেও রক্ষা পাবে। নিয়মিত নরম কাপড় দিয়ে মুছে পরিষ্কার রাখুন এবং মাঝে মাঝে বিশ্বস্ত জুয়েলার্স দিয়ে পরীক্ষা করিয়ে নিন, বিশেষ করে যদি পাথর বসানো গয়না হয়।
আরও পড়ুন
দাঁত ভালো রাখতে ব্রাশ করুন সঠিক নিয়মে
সোনার গয়না যত্নে রাখলে তার সৌন্দর্য ও স্থায়িত্ব দুইটাই বাড়ে। তাই সারাক্ষণ পরে থাকার বদলে রাতে ঘুমানোর আগে কয়েক সেকেন্ড সময় নিয়ে গয়না খুলে রাখার অভ্যাস করুন। এই ছোট অভ্যাসই ত্বককে সুস্থ রাখবে, গয়নার ক্ষয় কমাবে এবং দীর্ঘদিন তার নতুনের মতো ঝলমলে সৌন্দর্য বজায় রাখতে সাহায্য করবে।
সূত্র: জুয়েলার্স অব আমেরিকা, এলিগানজিয়া জুয়েলারি ও অন্যান্য
এসএকেওয়াই








