বাংলাদেশে রাজনীতি করা এবং এ দেশের মানুষকে নেতৃত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করা অত্যন্ত কঠিন কাজ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, মাঝে মাঝে আমার মনে হয় ইংল্যান্ড বা আমেরিকায় বোধহয় দেশ চালানো এত কঠিন নয়, বাংলাদেশে দেশ চালানো যত কঠিন। শনিবার বিকালে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নাগরিক ঐক্যের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় অতিথি হিসাবে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, বাংলাদেশের রাজনীতি এতই কঠিন যে, দীর্ঘ ৩৫ বছর রাজনীতির মাঠে থেকেও এই পরীক্ষায় আমি নিজে উত্তীর্ণ হতে পেরেছি কি না, তা নিয়ে আমার নিজের মনেই প্রশ্ন জাগে। এর পেছনে এ দেশের মানুষের দুটি মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য বা ‘সাইকোলজিক্যাল ক্যারেক্টার’র কথা উল্লেখ করেন তিনি। তার মতে, প্রথমত এ দেশের মানুষ অত্যন্ত আবেগপ্রবণ। আর দ্বিতীয়ত, এই আবেগের কারণেই মানুষ যেকোনো বিষয়ে খুব দ্রুত ধৈর্যহীন হয়ে পড়ে। পদার্থবিজ্ঞানের সূত্রের উদাহরণ টেনে তিনি বলেন, কোনো একটি ইস্যু সামনে আসলে আমরা ঠিক পেন্ডুলামের মতো এক চরম প্রান্ত (এক্সট্রিম) থেকে অন্য প্রান্তে চলে যাই। তবে এ দেশের মানুষের এই বৈশিষ্ট্যকে আমি খারাপ বলছি না, কিন্তু এটি মাথায় রেখেই আমাদের রাজনীতির পথে এগোতে হয়।