দেশে নিরপেক্ষ আইনের শাসন প্রতিষ্ঠা ও সুষ্ঠু বিচার ব্যবস্থা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি। তিনি আরও বলেছেন, ‘বাংলাদেশের প্রচলিত আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে। বিচার বিভাগের ওপর দেশের মানুষের আস্থা ফিরিয়ে আনতে আমরা কাজ করছি। বিগত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে এ দেশে কোনো আইনের শাসন ছিল না।’

রোববার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টায় মাগুরা জেলা আইনজীবী সমিতি আয়োজিত এক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আইনজীবী সমিতির হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইনমন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে ৪৫ লক্ষাধিক মামলা অমীমাংসিত রয়েছে। এসব মামলার সুষ্ঠু ও দ্রুত সমাধান করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। একটি নিরপেক্ষ বিচার ব্যবস্থা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’ আইনজীবীদের দক্ষতা বৃদ্ধির ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘একজন ভালো আইনজীবী দেশের সম্পদ। তাই আইনজীবীদের পেশাগত মান ও দক্ষতা বাড়াতে সারা দেশের ৮০ হাজার আইনজীবীকে উন্নত প্রশিক্ষণের আওতায় আনা হবে।’

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার বহুল আলোচিত তনু হত্যার বিচার কাজ দ্রুত সম্পন্ন করতে চায়। বিগত ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে অনেক পুলিশ সদস্য ও আমলা চাকরি হারিয়েছেন দাবি করে মন্ত্রী বলেন, ‘দেশে আজ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং বিচার ব্যবস্থা তার প্রাণ ফিরে পেয়েছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা নিরলস কাজ করে যাচ্ছি।’

মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ এবং জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক আলি আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর এবং অ্যাডভোকেট আহমেদ হোসেন।