বগুড়ার ধুনটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে জামিনের পর আবারও জেলগেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় অন্য একটি মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় তাঁকে।

ওই ছাত্রলীগ নেতার নাম সাকিব শাহরিয়া খান বিজয়। তিনি ধুনট পৌর ছাত্রলীগের সভাপতি ও পশ্চিম ভরনশাহী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ জুন রাতে পশ্চিম ভরনশাহী গ্রামে নিজ বাড়ির সামনে থেকে সাকিবকে গ্রেপ্তার করে ধুনট থানা-পুলিশ। এরপর ২০১৮ সালে সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন ১৪ জুন তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। সেই মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান।

গতকাল সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সাকিবকে আবারও জেলগেট থেকে আটক করে পুলিশ। পরে তাঁকে ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে ধুনট বাজারে আওয়ামী লীগের সশস্ত্র মশাল মিছিল থেকে ককটেল হামলার অভিযোগে বিস্ফোরক আইনে করা অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর ইসলাম বলেন, ছাত্রলীগের সভাপতি জামিনে মুক্তি পেয়ে এলাকায় আবারও নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হতে পারেন। এ কারণে তাঁকে আবারও অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।