স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন সহযোগী। দেশের অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সরকারব্যবস্থা, নিরাপদ পানি সরবরাহ ও জনসেবামূলক বিভিন্ন খাতে জাইকার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোববার সচিবালয়ে জাইকা প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল এমন মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। উন্নয়নমূলক কাজ তিনি দ্রুত সম্পন্ন করতে চান। তার নেতৃত্বে দেশের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আমরা সবাই সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি। স্থানীয় সরকারব্যবস্থা আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে বর্তমান সরকার সমন্বিতভাবে কাজ করছে। এ ক্ষেত্রে জাইকার অভিজ্ঞতা, কারিগরি সহায়তা ও বিনিয়োগ দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে বাংলাদেশ ও জাইকার মধ্যকার সহযোগিতার সম্পর্ক আরও জোরদার হবে। বৈঠকে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় সহযোগিতা ও দুদেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন উভয়পক্ষ। বাংলাদেশে জাইকার চলমান এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, স্থানীয় সরকার খাতের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই নগর উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান; পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মাহমুদুল হাসান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








