বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) দেওয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের ২১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। কারণ হিসাবে বলা হয়েছে, অভিবাসীরা যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার ওপর বেশিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছেন। ঢাকার মার্কিন দূতাবাস শনিবার এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে। পোস্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রতি আমাদের দায়িত্ব হলো অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা যুক্তরাষ্ট্রের ওপর সরকারি সহায়তার বোঝা হয়ে না দাঁড়ান তা নিশ্চিত করা। ২০২৬ সালের ২১ জানুয়ারি ডিপার্টমেন্ট বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করে কারণ বাংলাদেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার বেশি।