রাজধানীর বংশালের সিদ্দিক বাজার এলাকার আবাসিক হোটেল থেকে শামিম হাসনাত (৪৬) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ‘ঢাকা প্যালেস’ নামে হোটেলটির চতুর্থ তলার ১২১ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। শামিম কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শশেয়দিঘী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আবুল কাশেম। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহফুজুল হক জানান, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গত ঈদের পর থেকে শামিম ওই হোটেলের কক্ষটি ভাড়া নিয়ে বসবাস করছিলেন। তিনি কোনো পেশায় নিয়োজিত ছিলেন না। তার ভাইয়ের জুতার দোকান থেকে অর্থ নিয়ে চলাফেরা করতেন। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদক সেবনের কারণে তার মৃত্যু হয়েছে।
ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
হোটেল মালিক আবদুল কাদির জানান, বুধবার রাত থেকেই কক্ষটি বন্ধ ছিল। বৃহস্পতিবার সকালে হোটেলের ঝাড়ুদার কক্ষের দরজায় ধাক্কা দিলে ভেতরে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। বিষয়টি থানাকে জানানো হয়। বড় ভাই মোশারফ হোসেন জানান, শামিম কাজকর্ম করতেন না। তার কাছ থেকে হাতখরচ নিয়ে চলতেন। ১০ বছর আগে বিয়ে করেন। তবে বিয়ের মাত্র দুই মাসের মাথায় তাদের বিবাহবিচ্ছেদ হয়। তিনি নিয়মিত ইয়াবা সেবনে আসক্ত ছিলেন। এ কারণে ২০১৮ সালে বাবা তাকে বাড়ি থেকে বের করে দেন।








