বরকলে আয়েশা বেগম (৪৯) নামে এক নারীকে হত্যা ও লুটের ঘটনায় করা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার পরিচালিত অভিযানে দুজনকেই তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তারা হলেন-মো. সোহাগ ও মো. ওমর আলী। এ সময় তাদের কাছ থেকে লুটের এক লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। এর আগে ২১ জুন বরকল উপজেলার সুবলং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বরুণাছড়ির ইসলামপুর এলাকার বাড়িতে একা থাকায় আয়েশাকে হত্যা করে তিন লাখ টাকা লুট করে দুর্বৃত্তরা। নিহত আয়েশা ওই এলাকার রফিজুল হকের স্ত্রী। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার দুই আসামিকে বৃহস্পতিবার রাঙামাটি পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। আসামি সোহাগ একই এলাকার ফজর আলীর ছেলে এবং ওমর আলী মোজাম্মেলের ছেলে।

এ সময় পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব বলেন, ঘটনার রাতে নিজ ঘরের ভেতর থেকে আয়েশার রক্তাক্ত লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। এরপর রাঙামাটি সদর জেনারেল হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত হয়। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহার করা ইট ও হাতুড়ি জব্দ করা হয়েছে। ইট ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে আয়েশাকে হত্যা করা হয়েছে। পুলিশ সুপার জানান, ওই ঘটনায় ২২ জুন নিহতের ছেলে আশরাফ আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন।