প্রেমিকাকে ভিডিওকলে রেখে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন প্রেমিক। বৃহস্পতিবার রাত তিনটার পর বরিশাল নগরীর সাগরদী ধান গবেষণা রোড এলাকায় সোনামদ্দিন সড়কে এ ঘটনা ঘটে। প্রেমিক এবায়দুল ইসলাম রাইয়ান (২২) ওই এলাকার মৃত মাহবুব রহমান সিকদারের ছেলে এবং বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার চাচা বাবুল খাঁ জানান, রাইয়ানের সঙ্গে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। গত চার-পাঁচদিন ধরে রাইয়ানের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় সেই মেয়ে। তিনি বলেন, রাইয়ানের মা অসুস্থ। তিনি বুধবার রাতে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার গভীর রাতে প্রেমিকার সঙ্গে ভিডিওকলে কথা বলে রাইয়ান। এরপর তাকে ভিডিওকলে রেখেই রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ফ্যানের সঙ্গে লুঙ্গি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রাইয়ান।

চাচা আরও জানান, রাইয়ান যখন গলায় ফাঁস নেয় তখন তার প্রেমিকা বিষয়টি অন্য বন্ধুদের জানায়। রাতে তারা রাইয়ানের বাসায় ছুটে গিয়ে দরজা ধাক্কাধাক্কি করলেও মা গভীর ঘুমে থাকায় তাৎক্ষণিক দরজা খোলেননি।

রাত পৌনে ৪টার দিকে মা সজাগ হয়ে দরজা খুলেন এবং রাইয়ানকে উদ্ধার করে মোটরসাইকেলে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বন্ধুরা। এ সময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম জানান, মৃতদেহ ময়নাতদন্তে শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।